অভিষেককে রক্ষাকবচ দিয়েও রেহাই নয়! এজলাসে কড়া ভাষায় তিরস্কার বিচারপতির

Published on:

Published on:

Calcutta High Court rebukes Abhishek Banerjee

বাংলা হান্ট ডেস্ক : বিচারপতিদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মন্তব্য ঘিরে কলকাতা হাইকোর্টের অসন্তোষ নতুন করে প্রকাশ্যে এল। ডিজে মামলায় তৃণমূল সাংসদের আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিলেও তাঁর সাম্প্রতিক বক্তব্য নিয়ে কড়া মনোভাব দেখালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করার প্রয়োজনীয়তা নিয়েই অভিষেকের আইনজীবীর কাছে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে জানান, এ ধরনের বক্তব্যের ফলে অযথা আইনি জটিলতা তৈরি হতে পারে। তবে তদন্তে সহযোগিতা না করার কোনও অভিযোগ সামনে না থাকায় আপাতত অভিষেকের রক্ষাকবচ বহাল রাখল আদালত।

অভিষেককে (Abhishek Banerjee) কড়া কথা বললেন বিচারপতি

শুক্রবার ডিজে মামলার শুনানিতে রাজ্য সরকার অভিষেকের রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন জানায়। রাজ্যের হয়ে সওয়াল করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার। তাঁর বক্তব্য ছিল, সাম্প্রতিক সময়ে তৃণমূল সাংসদ বিচারব্যবস্থাকে নিয়ে ধারাবাহিকভাবে মন্তব্য করছেন। এমনকী, বৃহস্পতিবার আদালত এক ব্যক্তিকে রক্ষাকবচ দিতে অস্বীকার করার পরেও সামাজিক মাধ্যমে বিচারব্যবস্থাকে নিশানা করে পোস্ট করা হয় বলে আদালতে জানান তিনি।

Calcutta High Court rebukes Abhishek Banerjee

এই বক্তব্যের পরেই অভিষেকের আইনজীবীর দিকে প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তাঁর পর্যবেক্ষণ, একজন জনপ্রতিনিধির এমন মন্তব্যের প্রভাব সাধারণ মানুষের উপর পড়তে পারে। বিষয়টি যে আদালতের নজর এড়ায়নি, তা স্পষ্ট করে বিচারপতি বলেন, “কেন এমন হচ্ছে? এমন মন্তব্য করলে আদালতে স্বতঃপ্রণোদিত মামলা হতে পারে, এটা জানেন না? আপনার মক্কেল অকারণে সমস্যা তৈরি করছেন। যাঁরা সংবাদপত্র পড়েন, তাঁরা সবাই জানেন, এই সময়কালে কী কী মন্তব্য করছেন। একজন সাংসদ এই ধরনের মন্তব্য করছেন, মানুষের কাছে কী বার্তা যাবে?” এরপর বিচারপতি আরও বলেন, “আদালতের বিরুদ্ধে মন্তব্য করছেন, এটা খুবই বেদনাদায়ক।”

আরও পড়ুন : আইন মেনেই আসন পুনর্বিন্যাস! ভোট ঘোষণায় স্থগিতাদেশ বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে কলকাতা পুরসভা

তবে অভিষেকের বক্তব্য নিয়ে অসন্তোষ থাকলেও তাঁর রক্ষাকবচ বাতিলের ক্ষেত্রে রাজ্যের যুক্তি যথেষ্ট কি না, তা খতিয়ে দেখতে চায় আদালত। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়ে বিচারপতি প্রশ্ন করেন, “তদন্তের অগ্রগতি কী? এমন কিছু হয়েছে, যাতে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো যাবে না?” রাজ্যের আইনজীবীকে তদন্তের বিস্তারিত অবস্থা জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেন বিচারপতি।

এরপর অভিষেকের তদন্তে সহযোগিতার বিষয়টি বিবেচনায় নেয় আদালত। তদন্তকারীদের সঙ্গে অসহযোগিতার কোনও নির্দিষ্ট অভিযোগ নেই বলে জানিয়ে বিচারপতি বলেন, “তদন্তে সহযোগিতা করছেন না, এমন নয়। রক্ষাকবচের মেয়াদ কেন বাড়ানো হবে না, তা নিয়ে আজ আদালত কোনও কারণ দেখছে না।” এই পর্যবেক্ষণের পরই ডিজে মামলায় অভিষেকের রক্ষাকবচের মেয়াদ আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।আদালতের এই সিদ্ধান্তে আপাতত স্বস্তি পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তবে বিচারব্যবস্থা নিয়ে তাঁর মন্তব্যের প্রসঙ্গ যে আদালতের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, শুক্রবারের শুনানিতে তা স্পষ্ট হয়েছে।