বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের মরশুম শুরু হওয়ার আগে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হবে, সেই নিয়ে বিস্তর জল্পনা কল্পনা চলছে। এই আবহে সরকারি কর্মীদের ডিএ (DA) ও বকেয়া নিয়ে সামনে এল বড় আপডেট।
ডিএ ও বকেয়া নিয়ে বড় আপডেট | (Dearness Allowance)
কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছরে দু’দফায় মহার্ঘ ভাতা বাড়ানো হয়। জুলাই থেকে কার্যকর হতে চলা ডিএ সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর নাগাদ ঘোষণা করা হয়ে থাকে। আশা করা হচ্ছে, এবারও বিজয়া দশমীর আগেই এই বিষয়ে ঘোষণা হতে পারে। যদিও মন্ত্রিসভা এখনও ডিএ বৃদ্ধি অনুমোদন করেনি।
আরও পড়ুনঃ ঠিকানা বদলালেও পুরনো রেশন কার্ডেই মিলবে রেশন! কীভাবে এই সুবিধা পাওয়া যাবে জানুন
কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। শেষ দফায় মাত্র ২ শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছিল। যদিও AICPI-IW সূচকের দিকে নজর রেখে মনে করা হচ্ছে, এবার ৩ শতাংশ বা ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার।
এখন প্রশ্ন হল, ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কতটা আর্থিক লাভ হবে। বর্তমানে যেসব কর্মচারীর বেসিক বেতন ১৮ হাজার টাকা, তাঁরা ৬০ শতাংশ মহার্ঘ ভাতার হারে ডিএ হিসেবে মাসে ১০,৮০০ টাকা পাচ্ছেন। এবার আরও ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হলে ১৮ হাজার টাকা মূল বেতনের একজন কর্মচারী প্রত্যেক মাসে আরও ৫৪০ টাকা বেশি পাবেন। একইরকমভাবে ২৫ হাজার টাকা বেসিক বেতনের ক্ষেত্রে ৭৫০ টাকা বেশি মিলবে।

এদিকে নতুন ডিএ-র হার ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। এবার সরকার যদি অক্টোবর মাসে ডিএ বৃদ্ধি অনুমোদন করে তাহলে জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর মাসের টাকা বকেয়া হিসেবে দেওয়া হতে পারে। নভেম্বরে অনুমোদন করা হলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরের টাকা বকেয়া হিসেবে পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
যদিও বকেয়া পরিশোধের বিষয়টি সরকারের চূড়ান্ত আদেশ ও প্রক্রিয়ার উপর নির্ভরশীল। ফলে কেন্দ্রের তরফে ডিএ বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা না হওয়া অবধি এই বিষয়ে নির্দিষ্টভাবে কিছু জানানো সম্ভব নয়।













