হাওড়া থেকে কলকাতা, পুরভোটের কাউন্টডাউন শুরু! কবে ভোট, জানুন বিস্তারিত

Published on:

Published on:

countdown for municipal elections has begun
Follow

বাংলা হান্ট ডেস্ক : এক দশকেরও বেশি সময় ধরে নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই চলছে হাওড়া পুরসভা। সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে পারে চলতি বছরেই। প্রশাসনিক স্তরে দ্রুত এগোচ্ছে পুরভোটের (Municipal Election) প্রস্তুতি। লক্ষ্য, আগামী নভেম্বর মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা। ভোটের আগে নতুন করে ওয়ার্ডের সীমানা নির্ধারণের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পুরভোট (Municipal Election) প্রসঙ্গে কী জানালেন প্রতিমন্ত্রী ?

শুধু হাওড়াই নয়, একই প্রক্রিয়া শুরু হতে চলেছে কলকাতা পুরসভাতেও। ফলে দুই পুরনিগমের নির্বাচন হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। রাজ্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, পুনর্বিন্যাসের পর হাওড়া পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা হবে ৬০। অর্থাৎ, আসন্ন নির্বাচনে ৬০টি ওয়ার্ডেই ভোটগ্রহণ হবে। প্রসঙ্গত, হাওড়া পুরসভায় শেষবার ভোট হয়েছিল ২০১৩ সালে। এরপর নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হলেও নতুন করে ভোট হয়নি।

হাওড়া পুরভোট এতদিন পিছিয়ে থাকার মূল কারণ ছিল ওয়ার্ড সংখ্যা নিয়ে দীর্ঘ আইনি জট। ফলে বহু বছর ধরে পুরসভার সমস্ত কাজ পরিচালিত হয়েছে নির্বাচিত কাউন্সিলর ছাড়াই। এই দীর্ঘ সময় ধরে নাগরিকদের মধ্যে নির্বাচন, ওয়ার্ডের সীমানা এবং প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। এই প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তথা হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রাই জানান, অতীতে ওয়ার্ড সংখ্যা ৬৬-এ উন্নীত করার সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং সেই পরিকল্পনা বাস্তবে কার্যকরও হয়নি। বরং তার জেরে একাধিক আইনি ও প্রশাসনিক সমস্যা তৈরি হয়েছিল।

সরকার নভেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদী বলেই উমেশ রাই জানান। প্রশাসনের মতে, হাওড়ার ভোটের সঙ্গে অথবা তার কিছুদিনের ব্যবধানে কলকাতা পুরসভার নির্বাচনও হতে পারে। সরকার পরিবর্তনের পর কলকাতা পুরবোর্ড ভেঙে দেওয়া হয়েছিল। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়েই সরকার এগোচ্ছে।

countdown for municipal elections has begun

আরও পড়ুন : ‘১৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা না ঢুকলে..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট হুঁশিয়ারি, বাড়ছে চাপ!

উল্লেখ্য, ‘হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন’ অনুসারেই এই পুনর্বিন্যাসের কাজ করা হচ্ছে বলে জানা গেছে। দীর্ঘ ১৩ বছরের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে হাওড়া পুরভোট বাস্তবের পথে এগোচ্ছে বলে প্রশাসনিক মহলের ইঙ্গিত। নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ড পুনর্বিন্যাস শেষ হলে নভেম্বরেই ভোটের দিন ঘোষণা হতে পারে। একই সময়ে কলকাতা পুরভোটের সম্ভাবনাও তৈরি হয়েছে।‌