হোল্ডিং সেন্টার খুলতেই সীমান্তে ভিড়, মাথায় বোঝা নিয়ে লাইনে শতাধিক অনুপ্রবেশকারী

Updated on:

Updated on:

Crowds at the border, hundreds of bangladeshi infiltrators in line
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশের ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। বিশেষ করে বাংলাদেশ থেকে বেআইনিভাবে এদেশে প্রবেশকারীদের (Bangladeshi) বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে। এই পরিস্থিতিতে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত এলাকায় ধরা পড়ল উদ্বেগজনক ছবি।

সীমান্তে বাংলাদেশিদের (Bangladeshi) ভিড়

হাকিমপুর চেকপোস্টের সামনে ভিড় বাড়তে থাকে। হাতে ব্যাগ, বাক্স-প্যাঁটরা নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মানুষকে। স্থানীয় সূত্রের দাবি, এঁদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক, যাঁরা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে থাকতেন। কেউ শ্রমিকের কাজ করেছেন, কেউ ছোট দোকানে কাজ করেছেন, আবার কেউ বাড়িতে পরিচারিকার কাজ করতেন বলে জানা গিয়েছে।

কয়েক মাস আগেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল সীমান্ত এলাকায়। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অনেক অনুপ্রবেশকারী নিজেদের দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন। এবার রাজ্য সরকারের তরফে হোল্ডিং সেন্টার চালুর ঘোষণা হতেই ফের সীমান্তে চাপ বাড়তে শুরু করেছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে দ্রুত তাঁদের ফেরত পাঠানো হবে।লাইনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের অনেকেই স্বীকার করেছেন যে তাঁরা বৈধ নথি ছাড়াই ভারতে ছিলেন। এক ব্যক্তির কথায়, “সরকার আর রাখবে না, কী করব বলুন। সরকার চাইছে আমরা দেশে ফিরে যাই।” প্রশাসনের কড়া অবস্থানের জেরে অনেকেই স্বেচ্ছায় সীমান্তের দিকে রওনা হয়েছেন বলেও জানা যাচ্ছে।

প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই বিভিন্ন জেলায় হোল্ডিং সেন্টার চালু করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করার পর তাঁদের প্রথমে ওই সেন্টারগুলিতে রাখা হবে। পরে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি প্রশাসনের।

Crowds at the border, hundreds of bangladeshi infiltrators in line

আরও পড়ুন : লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের নতুন করে আবেদন করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারে? জরুরি তথ্য দিলেন পুরমন্ত্রী

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট’ নীতিতেই কাজ করবে সরকার। রাজ্যে নতুন সরকার গঠনের পর সেই পরিকল্পনা কার্যকর হতে শুরু করেছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। হাকিমপুর সীমান্তে মঙ্গলবারের এই ভিড় সেই বার্তাই আরও স্পষ্ট হল। সরকারের নয়া নীতির প্রভাব যে সীমান্ত এলাকায় পড়তে শুরু করেছে, তা নিয়ে আর কোনও সংশয় নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।