‘সব সুবিধা সবার জন্য নয়’! অন্নপূর্ণা যোজনার বিক্ষোভ নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ

Published on:

Published on:

Dilip Ghosh blames Lakshmir Bhandar for Annapurna Yojana protest
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পেয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু করেছেন মহিলারা। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র দেখা যাচ্ছে এই চিত্র। এবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, ‘মুড়ি-মুড়কি’র মতো লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে তৃণমূল।

অন্নপূর্ণা-বিক্ষোভ নিয়ে বিস্ফোরক দিলীপ | (Dilip Ghosh)

শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে চলতে থাকা বিক্ষোভ প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ। তিনি স্পষ্ট জানান, সবার জন্য সব সুবিধা নয়। উপভোক্তা নির্বাচনের মাপকাঠি রয়েছে। সেগুলি যারা পূরণ করবেন, শুধুমাত্র তাঁরাই সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ এখনও হাসপাতালেই, বসেছে পেসমেকার! কেমন আছেন প্রবীণ সিপিএম নেতা বিমান বসু?

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীর কথায়, “মহিলাদের যেভাবে মুড়ি-মুড়কির মতো লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে, তাতে অভ্যাস খারাপ হয়ে গিয়েছে। সবার জন্য সব সুবিধা নয়। কেন্দ্র ও রাজ্যের তরফে নানা প্রকল্প আনা হয়েছে। তবে তারও একটা সীমা আছে। এর জন্য মাপকাঠি ঠিক করা আছে। এর মধ্যে যারা যারা পড়বেন, তাঁরা পাবেন। সবাই দান মনে করে সুবিধা পাবেন, এমনটা হবে না। এই অভ্যাস তৃণমূলই খারাপ করে দিয়েছে।“

এদিকে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা করে না পেয়ে মহিলাদের মধ্যে বিক্ষোভ ক্রমশ বাড়ছে। শুক্রবার এই নিয়ে রাজ্যের বহু জায়গায় পথ ও রেল অবরোধের মতো ঘটনা ঘটেছে। পশ্চিম মেদিনীপুরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে জেলাশাসকের সঙ্গে বৈঠক ছেড়ে বিক্ষোভকারীদের মুখোমুখি হতে বাধ্য হন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

Dilip Ghosh

বিক্ষোভকারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ভেরিফিকেশনে কেন নাম বাদ গেল সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি জানতে চান, জুন বা জুলাইয়ে কেউ টাকা পেয়েছেন কিনা। জবাবে বিক্ষোভরত মহিলারা জানান, কেউ টাকা পাননি। এমনকি কাজের জন্য পুরসভা ও এসডিও অফিসের চক্কর কাটতে হচ্ছে বলে অভিযোগ জানান তাঁরা।

একথা শোনার পর জেলাশাসককে একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেন অগ্নিমিত্রা। পাশাপাশি বিক্ষোভকারী মহিলাদের ধৈর্য ধরার বার্তা দেন তিনি। তবে এবার আরও একধাপ এগিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যের মহিলাদের ‘মুড়ি-মুড়কির’ মতো লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তৃণমূল অভ্যাস খারাপ করে দিয়েছে বলে দাবি করলেন তিনি।