বাংলা হান্ট ডেস্ক: SIR ঘিরে বিতর্কের মধ্যেই ভোটার তালিকায় নাম তোলার ফর্ম ৬ নিয়ে বড় বদল করল নির্বাচন কমিশন (Election Commission of India)। বুধবার থেকে পশ্চিমবঙ্গ-সহ সেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অনলাইন ফর্ম ৬ (Form-6)-এর পুরনো কাঠামো ফের দেখা যাচ্ছে, যেখানে বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ফলে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার সময় আবেদনকারীদের আর SIR-সংক্রান্ত অতিরিক্ত স্বঘোষণার অংশ পূরণ করতে হচ্ছে না। ২৬ সেপ্টেম্বর কমিশনের বৈঠকের পরই জানানো হয়েছিল, SIR শেষ হয়ে যাওয়া এলাকাগুলিতে ১৯৬০ সালের নিয়ম অনুযায়ী নির্ধারিত ফর্ম ৬ ব্যবহার করা হবে। সেই ঘোষণার কয়েক দিনের মধ্যেই ECINET পোর্টালে তার প্রতিফলন দেখা গেল।
SIR আবেদনপত্রে বড় বদল আনল নির্বাচন কমিশন:
নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হলে সাধারণত ফর্ম ৬ পূরণ করেই আবেদন করতে হয়। কিন্তু SIR শুরু হওয়ার পর এই ফর্মে অতিরিক্ত কিছু তথ্য যোগ করা হয়েছিল। আবেদনকারীর নিজের বা পরিবারের সদস্যদের আগের ভোটার তালিকায় নাম ছিল কি না, সেই সংক্রান্ত তথ্যও চাওয়া হচ্ছিল। অনলাইন ফর্মের নির্দিষ্ট অংশে SIR-এর সঙ্গে সম্পর্কিত ঘোষণা দিতে হচ্ছিল আবেদনকারীদের। ফলে ভোটার তালিকায় নতুন নাম তোলার সাধারণ প্রক্রিয়ার সঙ্গে SIR-এর তথ্য যাচাইকে একসঙ্গে জুড়ে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। এখন যেসব জায়গায় SIR-এর প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, সেখানে সেই অতিরিক্ত অংশ সরিয়ে আগের ফর্মেই ফিরে গেল কমিশন।
আরও পড়ুন: ১৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ! আমেরিকার সবথেকে বড় স্টিল প্ল্যান্ট তৈরি করবে ভারতের Essar Group
ফর্ম ৬-এর এই পরিবর্তন ঘিরে বিতর্ক আরও বাড়ে নির্বাচন কমিশনের অন্দরেই দুই নির্বাচন কমিশনারের আপত্তির খবর প্রকাশ্যে আসার পর। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তদন্তমূলক প্রতিবেদনে দাবি করা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী গত ১০ মাসে কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অন্তত ১৪ বার আপত্তি নথিভুক্ত করেছিলেন। তার মধ্যে ফর্ম ৬ বদলের বিষয়টিও ছিল। প্রতিবেদনে বলা হয়, কমিশনের দুই সদস্যের আপত্তির মূল জায়গা ছিল—নির্বাচনী নিয়মে প্রয়োজনীয় আইনি সংশোধন না করে ফর্মে এই ধরনের পরিবর্তন করা যায় কি না। যদিও কমিশন সূত্র পাল্টা জানিয়েছিল, SIR-সহ কমিশনের সিদ্ধান্তগুলি তিন নির্বাচন কমিশনারের অনুমোদনেই নেওয়া হয়েছে এবং মতপার্থক্য থাকলেও তা কমিশনের স্বাভাবিক অভ্যন্তরীণ আলোচনার অংশ।
এই আবহেই ২৬ সেপ্টেম্বর নির্বাচন কমিশন একাধিক সিদ্ধান্ত ঘোষণা করে। জানানো হয়, যে সব রাজ্যে SIR চলছে না অথবা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, সেখানে নতুন ভোটারদের জন্য নির্ধারিত ফর্ম ৬-ই ব্যবহার করা হবে। এরপর বুধবার ECINET-এ সেই পরিবর্তন কার্যকর হয়। অর্থাৎ SIR শেষ হওয়া এলাকাগুলিতে নতুন আবেদনকারীদের ফর্ম ৬ পূরণ করার সময় অতিরিক্ত SIR-সংক্রান্ত ঘোষণা দিতে হচ্ছে না। অন্যদিকে, যে সব রাজ্যে SIR এখনও চলছে, সেখানে সংশ্লিষ্ট অতিরিক্ত প্রক্রিয়া আপাতত বহাল থাকার কথা বিভিন্ন রিপোর্টে জানানো হয়েছে।

আরও পড়ুন: ভূস্বর্গে বড় সাফল্য! ভারতীয় সেনার গুলিতে খতম পাহেলগাঁও হামলার অন্যতম অভিযুক্ত লস্কর জঙ্গি মুসা
ফর্ম ৬ নিয়ে এই সিদ্ধান্ত এমন এক সময়ে এল, যখন SIR-এর পদ্ধতি এবং নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। বিরোধী দলগুলি কমিশনের পদক্ষেপ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে এবং দুই কমিশনারের আপত্তির বিষয়টি সামনে এনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করেছে। অন্যদিকে কমিশনের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের কাজ নির্ধারিত আইন ও নিয়ম মেনেই করা হচ্ছে এবং অভ্যন্তরীণ মতপার্থক্যকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার স্বাভাবিক অংশ হিসেবেই দেখা উচিত। আপাতত SIR শেষ হয়ে যাওয়া ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পুরনো কাঠামোর ফর্ম ৬ ফিরে আসায় নতুন ভোটারদের আবেদন প্রক্রিয়া আগের তুলনায় সরল হয়েছে।













