বাংলা হান্ট ডেস্কঃ ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই রাজ্যে প্রশাসনিক কড়াকড়ি বাড়াচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। নিরপেক্ষ ভোট করাতে এবার বড় পদক্ষেপ নিল তারা। রাজ্যের একাধিক থানার ওসি থেকে শুরু করে ব্লক স্তরের আধিকারিকদেরও বদলি করা হয়েছে। বিশেষ করে যেসব কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বেশি, সেগুলিতেই বেশি নজর দিচ্ছে কমিশন।
ফের প্রশাসনিক স্তরে বদল করল নির্বাচন কমিশন (Election Commission)
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক বদল শুরু করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। প্রথমে শীর্ষস্তরে বদল নিয়ে বিতর্ক তৈরি হলেও কমিশন তাদের অবস্থানে অনড় থাকে। সেই ধারাবাহিকতায় এবার আরও বড় সিদ্ধান্ত নিল। রাজ্যের দেড়শোর বেশি থানার ওসি বদল করা হয়েছে। এই তালিকায় রয়েছে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর ও নন্দীগ্রাম।
রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুই কেন্দ্রের দিকে সবার নজর থাকায় এখানকার থানার নেতৃত্ব বদল করেছে কমিশন। ভবানীপুর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৌমিত্র বসু। তিনি আগে কলকাতা পুলিশের এসটিএফে কর্মরত ছিলেন। অন্যদিকে, নন্দীগ্রাম থানার ওসি করা হয়েছে শুভব্রত নাথকে, যিনি আগে চন্দননগর থানায় কাজ করতেন।
শুধু থানার ওসি বদলেই থেমে থাকেনি কমিশন (Election Commission)। ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্র্যাঞ্চের ১১ জন আধিকারিককেও সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজ্যজুড়ে মোট ১৮৪ জন পুলিশ আধিকারিকের বদলি হয়েছে। একটি ক্ষেত্রে অবশ্য সংশোধন করতে হয়েছে কমিশনকে। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম প্রথমে বদলির তালিকায় থাকলেও পরে জানানো হয়, সেটি অনিচ্ছাকৃতভাবে অন্তর্ভুক্ত হয়েছিল। বর্তমানে তিনি পর্ণশ্রী থানায় যে দায়িত্বে আছেন, সেটিতেই বহাল থাকবেন।

আরও পড়ুনঃ নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে? আজ থেকেই শুরু ট্রাইব্যুনালে আবেদন, জানুন পুরো পদ্ধতি
পুলিশের পাশাপাশি প্রশাসনিক স্তরেও একাধিক বদল এসেছে। নন্দীগ্রামের দুটি ব্লক-সহ রাজ্যের মোট ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারদেরও বদলির নির্দেশ দেওয়া হয়েছে (Election Commission)।
















