বাংলা হান্ট ডেস্কঃ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO এবার তাদের সদস্যদের জন্য আরও সহজ পরিষেবা চালু করতে চলেছে। খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের মাধ্যমে PF ব্যালেন্স, সাম্প্রতিক লেনদেন এবং ক্লেইমের বর্তমান অবস্থা জানা যাবে। অর্থাৎ PF সংক্রান্ত তথ্য জানতে আর আলাদা করে পোর্টাল বা অফিসে ঘোরার প্রয়োজন হবে না। শুধু মোবাইল থেকেই মিলবে সব আপডেট। সাধারণ মানুষের কাছে পরিষেবা আরও দ্রুত ও সহজে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
EPFO হোয়াটসঅ্যাপ পরিষেবা
নতুন এই ব্যবস্থায় EPFO-র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে শুধু ‘Hello’ লিখে পাঠালেই পরিষেবা শুরু হবে। এরপর ব্যবহারকারীর রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN যাচাই করা হবে।
যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে ব্যবহারকারীর সামনে একটি মেনু খুলে যাবে। সেখানে বিভিন্ন অপশন থেকে নিজের প্রয়োজন অনুযায়ী তথ্য দেখা যাবে। পুরো পরিষেবাটি পরিচালনা করবে AI-ভিত্তিক একটি চ্যাটবট, যা সরাসরি EPFO-র ডেটাবেসের সঙ্গে যুক্ত থাকবে।
এই পরিষেবার মাধ্যমে সদস্যরা PF ব্যালেন্স দেখতে পারবেন। পাশাপাশি শেষ পাঁচটি লেনদেনের তথ্যও জানা যাবে। এছাড়াও ক্লেইমের বর্তমান স্ট্যাটাস ট্র্যাক করার সুবিধাও থাকবে। বিভিন্ন পরিষেবা সংক্রান্ত দ্রুত সহায়তাও মিলবে এই প্ল্যাটফর্মে।
EPFO-র দাবি, দেশের অধিকাংশ মানুষ নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাই পরিচিত এই প্ল্যাটফর্মের মাধ্যমে পরিষেবা পৌঁছে দিলে সদস্যদের সুবিধা অনেকটাই বাড়বে। বিশেষ করে দ্রুত তথ্য পাওয়ার ক্ষেত্রে এই ব্যবস্থা বড় ভূমিকা নিতে পারে।

আরও পড়ুনঃ বাড়ছে বিতর্ক! অভিষেক ও সায়নীর ঘোষের যৌথ মালিকানায় ফ্ল্যাট? রিপোর্টে সামনে আসতেই তোলপাড়
জানা গিয়েছে, পরিষেবাটি সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা চালু থাকবে। শুধু তাই নয়, আঞ্চলিক ভাষাতেও তথ্য পাওয়া যাবে। ফলে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের জন্য এই পরিষেবা (EPFO) আরও সহজ এবং ব্যবহারবান্ধব হয়ে উঠবে।













