বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে মিড–ডে মিল (Mid day Meal) নিয়ে নানা বিতর্কের মাঝেই বাচ্চাদের পাতে পড়ল গরম-গরম ইলিশ। বাঙালির প্ৰিয় ইলিশের মরশুম শুরু হয়েছে সবেমাত্র। আর সেই সময়ই টাটকা তাজা ইলিশ ভাজার গন্ধে মেতে উঠল শিশুরা। আর ইলিশ পাতে পড়তেই নিমিষে খালি হল পাত।
মিড ডে মিলে ‘ইলিশ উৎসব’ | Mid day Meal
ঘটনা ফলতার হরিশপুর ফ্রি প্রাইমারি স্কুলের। সেখানেই মিড-ডে মিলে শিশুদের পাতে পড়ল ইলিশ ভাজা। যা আনন্দ সহকারে পেট ভরে খেল খুদে পড়ুয়ারা। এই ‘ইলিশ উৎসব’ নিয়ে স্কুলের টিআইসি জানিয়েছেন, ‘মরশুমের ইলিশ খেতে সকলেরই মন চায়। তাই নিজের বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের জন্য এই আয়োজন করেছিলাম।’
আলোচনা হয় ইলিশের উপকারিতাও
তিনি জানান, ভরা বর্ষায় খুদেদের পাতে ইলিশ পড়ায় খুশি অভিভাবকগণও। ভবিষ্যতে যাতে আরও এই ধরনের উৎসব করা যায় সেকথাও জানিয়েছেন তিনি। ইলিশ খাওয়ানোর পাশাপাশি ইলিশ উপকারিতাও ছাত্র-ছাত্রীদের বোঝানো হয় সেখানে।
ইলিশে যেমন প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন (এ, বি-১২, ডি) ও প্রোটিন রয়েছে তেমনি রয়েছে প্রচুর কাঁটাও। যাতে কোনও ছাত্র-ছাত্রীর কাঁটা নিয়ে না কোনো অসুবিধা হয় সেই দিকেও লক্ষ্য রেখেছিলেন শিক্ষকেরা। ফলতার স্কুলের এই উদ্যোগ সাড়া ফেলেছে জেলায়।

আরও পড়ুন: ‘এমন অনেকে লক্ষ্মীর ভাণ্ডার..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া আপডেট দিলেন অর্থমন্ত্রী
বর্তমানে যেখানে মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে ওঠা রীতিমতো দায় হয়ে দাঁড়াচ্ছে, চাল-ডাল, ডিম থেকে শাক-সবজি, রান্নার তেল থেকে রান্নার গ্যাস সবেরই দামে আকাশছোঁয়া। সেই অবস্থায় বাচ্চাদের মন খুশি করতে স্কুলের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে।













