সবুজ নেট, জল ছেটানো বাধ্যতামূলক, শহরের দূষণ রুখতে বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার

Published on:

Published on:

Firhad Hakim announces strict steps to curb air pollution in Kolkata
Follow

বাংলা হান্ট ডেস্কঃ শীত পড়তেই কলকাতা শহরের বাতাসে দূষণের মাত্রা বেড়েছে। সেই কারণে এবার দূষণ রোধে একাধিক কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বুধবার কলকাতা পুরসভায় আধিকারিকদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, পুরসভার দূষণ সংক্রান্ত নিয়ম না মেনে কোনও আবাসন বা পরিকাঠামো নির্মাণ চললে, সেই কাজ বন্ধ করে দেওয়া হবে।

শহরের দূষণ রোধে কী কী নির্দেশ দিলেন মেয়র (Firhad Hakim)?

এদিন শহরের দূষণ রোধে মেয়র (Firhad Hakim) বলেন নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে বাধ্যতামূলক ভাবে সবুজ নেট টাঙিয়ে রাখতে হবে, যাতে ধুলোবালি ছড়িয়ে বায়ুদূষণ না হয়। পাশাপাশি রাস্তায় যত্রতত্র বালি ফেলে রাখা যাবে না। এক দিনের মধ্যেই রাস্তা থেকে বালি সরাতে হবে। এই নিয়ম মানা না হলে সংশ্লিষ্ট নির্মাণকাজে কাজ বন্ধের নোটিস দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া, নির্মাণস্থল সংলগ্ন এলাকায় নিয়মিত জল ছড়িয়ে ধুলো ওড়া আটকানোর নির্দেশও দিয়েছেন মেয়র। জল ছেটানো বা অন্যান্য দূষণ নিয়ন্ত্রণের শর্ত মানা না হলে পুরসভা কড়া পদক্ষেপ করবে বলে সাফ জানিয়ে দেন তিনি।

কলকাতা পুরসভায় ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ এবং রেলের পরিকাঠামো নির্মাণকারী সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর আধিকারিকরাও। বৈঠকে মেয়র (Firhad Hakim) আরভিএনএলের চলতি নির্মাণকাজের ফলে হওয়া দূষণের বিষয়টি তুলে ধরেন। তিনি অনুরোধ করেন, যেখানে ভাঙাভাঙি বা নির্মাণ চলছে, সেখানে যেন সবুজ চাদর দিয়ে নেটিং করা হয় এবং ওয়াটার স্প্রিঙ্কলার বা মিস্ট ক্যানন সিস্টেমের মাধ্যমে নিয়মিত জল ছেটানো হয়।

শুধু বেসরকারি বা রেল প্রকল্প নয়, কলকাতা পুরসভার নিজস্ব কাজের ক্ষেত্রেও আরও বেশি সতর্ক হতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মেয়র (Firhad Hakim)। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, পুরসভার এক বিভাগের সঙ্গে অন্য বিভাগের সমন্বয়ের অভাবে বহু জায়গায় কাজের বর্জ্য রাস্তায় পড়ে রয়েছে। সেই বর্জ্যের উপর দিয়ে গাড়ি চলাচলের সময় ধুলো উড়ে শহরের বায়ুদূষণ বাড়ছে এবং বাতাসের গুণগতমান খারাপ হচ্ছে।

কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গেও দূষণ নিয়ে কথা বলেছেন মেয়র (Firhad Hakim)। তিনি জানান, শহরের যান চলাচলের গতি কিছুটা স্বাভাবিক রাখা গেলে দূষণ কমানো সম্ভব। পাশাপাশি যেসব গাড়ির পরিবেশ ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সেগুলিকে চিহ্নিত করার নির্দেশ দেন তিনি। শহরের বিভিন্ন রাস্তায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা পুরনো বাস ও ট্যাক্সির কারণেও নোংরা জমে দূষণ ছড়াচ্ছে বলে মন্তব্য করেন মেয়র। এই পরিস্থিতিতে দ্রুত ওই গাড়িগুলি সরাতে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।

Firhad Hakim Pushes Health Insurance for KMC Staff

আরও পড়ুনঃ চাকরির টাকায় ফ্ল্যাট-ভিলা, জীবনকৃষ্ণ-প্রসন্নদের ৫৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED

এ ছাড়াও শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে দিনরাত ওয়াটার স্প্রিঙ্কলার, মিস্ট ক্যানন এবং ফগ মেশিন চালানো হবে বলেও জানিয়েছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শীতের মরসুমে দূষণ কমাতে এই সব পদক্ষেপ কার্যকর হবে বলেই আশাবাদী পুর প্রশাসন।