জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় পুলিশের তলব! গ্রেফতারি এড়াতে হাইকোর্টে অতীন ঘোষ

Published on:

Published on:

Former Kolkata deputy mayor Atin Ghosh moves to Calcutta High Court to avoid arrest
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জোর করে জমি দখলের অভিযোগ ঘিরে চাপে কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh)। ইতিমধ্যেই জমি দুর্নীতি সংক্রান্ত এই মামলায় তাঁকে ও তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষকে তলব করেছে পুলিশ। এই পরিস্থিতিতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন এই তৃণমূল নেতা।

গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে অতীন ঘোষ | (Atin Ghosh)

জানা গিয়েছে, মঙ্গলবার আগাম জামিন চেয়ে হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে আবেদন জানান কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র। মামলা গ্রহণ করেছে উচ্চ আদালত। আগামী সপ্তাহেই শুনানি হতে পারে বলে খবর। সেক্ষেত্রে হাইকোর্ট অতীনকে রক্ষাকবচ দেয় কিনা সেদিকে নজর থাকবে।

আরও পড়ুনঃ ধর্মতলায় তৃণমূলের মেগা সভার দিন শেষ? দুই শিবিরকেই ২১ জুলাই নিয়ে ‘না’ পুলিশের

রাজ্যে পালাবদলের পর অতীনের বিরুদ্ধে বলপূর্বক জমি দখলের অভিযোগ ওঠে। অভিযোগকারী ব্যক্তি পেশায় একজন হোটেল ব্যবসায়ী বলে জানা গিয়েছে। তাঁর দাবি, জোর করে তাঁর থেকে বাড়ি সহ জমি কম টাকায় হাতিয়ে নেওয়া হয়েছিল। প্রায় ৫০ লক্ষের প্রতারণা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, এই ঘটনায় অতীনের পাশাপাশি তাঁর মেয়ে ও জামাইও জড়িত। অতীনদের বিরুদ্ধে প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। পরবর্তীতে এই অভিযোগ বিধাননগর উত্তর থানায় যায়।

জমি দুর্নীতি সংক্রান্ত এই মামলায় ইতিমধ্যেই অতীন ও তাঁর মেয়েকে তলব করেছে পুলিশ। এরপরেই গ্রেফতারির আশঙ্কা করে আগাম জামিন চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন তিনি। তাঁর আইনজীবীর বক্তব্য, এই মামলায় অতীন ও তাঁর পরিবারকে জড়ানো হয়েছে। মামলার দ্রুত শুনানির আবেদনও জানানো হয়েছে।

Atin Ghosh

এদিকে এই ঘটনা প্রসঙ্গে এক সংবাদমাধ্যমের কাছে অতীন বলেন, অভিযোগকারীর থেকে তাঁর মেয়ে সম্পত্তি কিনেছিল। তবে তিনি নিজে তাঁকে চেনেন না। তাঁর দাবি, প্রায় পাঁচ দশকের রাজনৈতিক জীবনে তাঁর বিরুদ্ধে কেউ কোনও দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। তদন্তে সবরকম সহযোগিতা করবেন বলেও জানিয়েছিলেন তিনি।

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে নানা বিস্ফোরক অভিযোগ উঠেছে। সেই তালিকায় প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়কদের নামও রয়েছে। জমি দুর্নীতি সংক্রান্ত মামলায় অতীনেরও নাম জড়ায়। এবার সেই মামলাতেই হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।