বাংলাহান্ট ডেস্ক: ‘বন্দে মাতরম’ (Vande Mataram) পরিবেশন নিয়ে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সমস্ত সরকারি অনুষ্ঠান এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের পর বাধ্যতামূলক ভাবে বাজাতে হবে ‘বন্দে মাতরম’। পাশাপাশি স্পষ্ট করা হয়েছে, গানটি বাজলে উপস্থিত সকলকে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। তবে সিনেমা হলে এই গান বাজানো বাধ্যতামূলক নয় বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।
এবার স্কুল থেকে সরকারি অনুষ্ঠান সর্বত্র বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’ (Vande Mataram):
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, যে কোনও সরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকলে তাঁর আগমন ও প্রস্থানকালে ‘বন্দে মাতরম’ পরিবেশন করতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে পদ্ম পুরস্কারের মতো অসামরিক ও নাগরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও। কেন্দ্রের মতে, জাতীয় মর্যাদা ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই গানকে নির্দিষ্ট প্রোটোকলের আওতায় আনা প্রয়োজন ছিল।
আরও পড়ুন: বকেয়া DA কবে ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে? প্রশ্ন করতেই মমতা বললেন, আমি এটা…
নতুন নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘বন্দে মাতরম’-এর সম্পূর্ণ ছয়টি স্তবকই এবার পরিবেশন করতে হবে। উল্লেখযোগ্যভাবে, ১৯৩৭ সালে কংগ্রেস আমলে গানটির চারটি স্তবক বাদ দেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন ধরে সংক্ষিপ্ত সংস্করণই গাওয়া হয়ে আসছিল। কেন্দ্রের এই সিদ্ধান্ত সেই পুরনো বিতর্ককেই নতুন করে সামনে আনতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
সরকারি সূত্রের দাবি, নাগরিকদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা, জাতীয় প্রতীকের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি এবং শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্র মনে করছে, জাতীয় সঙ্গীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ পরিবেশন দেশের ঐতিহ্য ও স্বাধীনতা আন্দোলনের স্মৃতিকে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে।

আরও পড়ুন: ৬০ নয় ৬৫ বছর! রাজ্যে শিক্ষকদের অবসর বয়স বাড়ছে? মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছল গুরুত্বপূর্ণ চিঠি
উল্লেখ্য, গত বছর ‘বন্দে মাতরম’কে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন, জওহরলাল নেহেরু মুসলিম সম্প্রদায়ের মন রক্ষার্থে গানটির চারটি স্তবক বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। কংগ্রেস সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। নতুন এই নির্দেশিকা সেই বিতর্ককে আবারও উসকে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।












