বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার। এদিকে, ইরান-মার্কিন যুদ্ধের পর পেট্রোল ও ডিজেলের দামও বৃদ্ধি পেয়েছে। এই আবহে, কেন্দ্রীয় সরকার দেশে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) প্রসারের জন্য পিএম ই-ড্রাইভ প্রকল্পটিকে (PM E-Drive Scheme) আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শুধু তাই নয়, সরকারের (Government) তরফে একটি নতুন পদক্ষেপও নেওয়া হয়েছে।
পিএম ই-ড্রাইভ (PM E-Drive Scheme)-এর মেয়াদ বাড়াল সরকার!
সরকারের নতুন পদক্ষেপ: মূলত, কেন্দ্রীয় সরকার ইলেকট্রিক টু-হুইলার (e2W) বা বৈদ্যুতিক দুই-চাকার যানকে উৎসাহিত করার জন্য অতিরিক্ত ১,০০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এই টাকা পিএম ই-ড্রাইভ প্রকল্পের অধীনে প্রদান করা হবে। এর পাশাপাশি, বৈদ্যুতিক দুই-চাকার যানবাহনের ওপর ইনসেনটিভের সুবিধা ২০২৮ সালের মার্চ পর্যন্ত চালু থাকবে।

ইতিমধ্যেই মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজের একজন আধিকারিক জানিয়েছেন যে, বৈদ্যুতিক দুই-চাকার যানের প্রকল্পটি মূলত ২০২৬ সালের জুলাই মাসে শেষ হওয়ার কথা ছিল। প্রকল্পটি চালু রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রক অর্থ মন্ত্রকের কাছে অতিরিক্ত বাজেটের অনুরোধ করেছিল। অর্থ মন্ত্রক এর জন্য ১,০০০ কোটি টাকা অনুমোদন করেছে।
আরও পড়ুন: উপচে পড়ল সরকারের কোষাগার! ডাইরেক্ট ট্যাক্স কালেকশনে ২৩ শতাংশের বৃদ্ধি, এল ৮.১১ লক্ষ কোটি
কেন এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় সরকার দেশে ইলেকট্রিক স্কুটার ও বাইকের বিক্রি বাড়াতে চায়। বর্তমানে ভারতে মোট দুই-চাকার যানের মধ্যে প্রায় ৭.৬ শতাংশ হল ইলেকট্রিক যান। সরকার এই হার বাড়িয়ে অন্তত ৯ থেকে ১০ শতাংশ করতে চায়। আধিকারিকদের মতে, দেশের বহু মানুষ দুই-চাকার যান ব্যবহার করেন। এমতাবস্থায়, বৈদ্যুতিক দুই-চাকার যানবাহনের প্রচার সাধারণ মানুষের উপকারে আসবে এবং লাস্ট মাইল কানেক্টিভিটি উন্নত করবে।
আরও পড়ুন: ভারতীয় রেলের নতুন মাইলফলক! বাংলাদেশে দৌড়বে ‘মেড ইন ইন্ডিয়া’ ট্রেন, তৈরি ২০ টি LHB কোচের রেক
এই প্রকল্পটি কবে চালু হয়েছিল: পিএম ই-ড্রাইভ প্রকল্পটি ২০২৪ সালের সেপ্টেম্বরে চালু করা হয়েছিল। এর জন্য মোট ১০,৯০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়। প্রকল্পটি ২০২৪ সালের ১ অক্টোবর থেকে শুরু হয় এবং প্রাথমিকভাবে এটি ২০২৬ সালের মার্চ পর্যন্ত চলার কথা ছিল। সরকার পরে এর মেয়াদ বাড়ায়। এই প্রকল্পের অধীনে, যোগ্য বৈদ্যুতিক দুই-চাকার যানগুলি সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ইনসেনটিভ পায়।













