বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলে কেন্দ্র-রাজ্য সংঘাতের নমুনা দেখেছে রাজ্যবাসী। তবে বর্তমান রাজ্য সরকার (Government of West Bengal) কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নে জোর দিয়েছে। সেই সূত্রে এবার তৃণমূল আমলের একটি সিদ্ধান্ত প্রত্যাহার করা হল। এর ফলে রাজ্যের বিভিন্ন সরকারি নির্মাণ প্রকল্প (State Construction Project) ও পরিকাঠামোগত কাজে কেন্দ্রীয় সংস্থাগুলি ফের অংশগ্রহণ করতে পারবে।
তৃণমূল আমলের সিদ্ধান্ত প্রত্যাহার রাজ্যের | (Government of West Bengal)
কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে রাজ্যের বিভিন্ন নির্মাণ প্রকল্পে কেন্দ্রীয় সংস্থাগুলির অংশগ্রহণ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল সরকার। সেই তালিকায় ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন তথা এনবিসিসি, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, রাইটস লিমিটেড সহ একাধিক কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার নাম ছিল। কেন্দ্রীয় পূর্ত বিভাগ তথা সিপিডব্লিউডিকেও বাদ দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার।

এবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল বর্তমান রাজ্য সরকার। মঙ্গলবার অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। ফলে রাজ্যের বিভিন্ন সরকারি নির্মাণ ও পরিকাঠামোগত কাজে কেন্দ্রীয় সংস্থাগুলির অংশগ্রহণে আর বাধা রইল না।
আরও পড়ুনঃ বকেয়া পুরকর আদায়ে বৃহন্নলাদের নিয়োগ! সরকারি কর্মীর মর্যাদা দেওয়ার পরিকল্পনা রাজ্যের
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল ফিনানশিয়াল রুলস মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার থেকে কেন্দ্রীয় সংস্থাগুলি সরকারের ই-টেন্ডারিং প্রক্রিয়ায় শামিল হতে পারবে। তবে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে যাবতীয় টেন্ডার প্রক্রিয়া রাজ্য বা কেন্দ্রের ই-টেন্ডার পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে। প্রকল্প রূপায়ণের প্রত্যেকটি স্তরে বাধ্যতামূলকভাবে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের নির্দেশিকা মেনে চলতে হবে।
এদিকে রাজ্যের এই সিদ্ধান্ত ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক বড় প্রকল্পের কাজে গতি আসতে পারে বলে মনে করছেন নবান্নের কর্তারা। বিভিন্ন সরকারি প্রকল্প দ্রুত রূপায়ণের জন্য প্রশাসনিক জটিলতা কাটাতে রাজ্যের শীর্ষ আধিকারিকদের নিয়মিত দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রকগুলির সঙ্গে সরাসরি সমন্বয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলার উন্নয়নে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে জোর দিয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবার তৃণমূল আমলের একটি সিদ্ধান্ত প্রত্যাহার করে রাজ্যের বিভিন্ন সরকারি নির্মাণ ও পরিকাঠামোগত কাজে কেন্দ্রীয় সংস্থাগুলির অংশগ্রহণ নিশ্চিত করা হল। তবে কাজের বরাতের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেই জন্য কড়া শর্তও বেঁধে দিয়েছে নবান্ন।












