বাংলা হান্ট ডেস্কঃ সরকারি হাসপাতালে বেড না পেলেও চিন্তা নেই। এবার বেসরকারি হাসপাতালেই (Private Hospital) পাওয়া যাবে বিনামূল্যে চিকিৎসার সুযোগ। সোমবার এই ঘোষণা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় (Sharadwat Mukherjee)। সম্পূর্ণ বিষয়টি কীভাবে কাজ করবে সেটাও জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যক্ষেত্রে যুগান্তকারী ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর | (Sharadwat Mukherjee)
সরকারি হাসপাতালে বেড না পেলে অনেক সময় বেডের খোঁজে হন্যে হয়ে ঘোরে রোগীর পরিবার। তবে এবার থেকে বেড না পাওয়া গেলে সরকারি হাসপাতাল থেকে সেই রোগীকে অ্যাম্বুলেন্সে করে বেসরকারি হাসপাতালে পাঠানো হবে। সেখানে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন তিনি।
আরও পড়ুনঃ আজও খেল দেখাবে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় দুর্যোগ? ওয়েদার আপডেট
গতকাল আয়োজিত এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলির সঙ্গে আমরা অন্তত তিন থেকে চারটি বৈঠক করেছি। আগেই জানানো হয়েছিল, প্রায় আড়াই হাজার বেড সংরক্ষণ করা হচ্ছে। সেগুলি সাধারণ মানুষকে নিঃশুল্ক চিকিৎসা দেবে। আজ মক ড্রিল সফল হয়েছে।“
শারদ্বত জানান, এবার থেকে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালগুলিতে রোগী পাঠানো হবে। নতুন এই ব্যবস্থা রাজ্যের শহর, শহরতলি থেকে শুরু করে গ্রামাঞ্চল অবধি চালু করা হল বলে ঘোষণা করেন তিনি।
নতুন ব্যবস্থা কীভাবে কাজ করবে?
গতকাল স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এসএসকেএমের সঙ্গে কেপিসি হাসপাতাল যুক্ত হয়েছে। এবার ধরা যাক, কোনও রোগী চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে এলেন। তাঁকে হাসপাতালের তরফে জানানো হল, বেড খালি নেই। এরপর সম্পূর্ণ বিষয়টি কন্ট্রোল রুমে জানানো হল। সেখান থেকে স্বাস্থ্য দফতরের কন্ট্রোল রুমে জানানো হবে।
স্বাস্থ্য দফতরের কন্ট্রোল রুমের তরফে মনিটর করা হবে, কোথায় বেড খালি রয়েছে। তাঁরাই জানবে, কোন বেসরকারি হাসপাতালে বেড ফাঁকা আছে ও বুক করবে। এরপর সেখান থেকে এসএসকেএম হাসপাতালের জরুরি বিভাগে খবর দেওয়া হবে। শেষমেষ সরকারের অ্যাম্বুলেন্স করে ওই রোগীকে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে।

শারদ্বত জানিয়েছেন, প্রায় প্রত্যেক বেসরকারি হাসপাতালের সঙ্গে এই কো-অর্ডিনেশন তৈরি হবে। তবে কিছু কিছু স্বাস্থ্যকেন্দ্র এর আওতায় নেই। পরবর্তীতে তালিকা দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
রাজ্যে পালাবদলের পর স্বাস্থ্যক্ষেত্রে একাধিক নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলায় আয়ুষ্মান ভারত যোজনা ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা শুরু হয়েছে। এবার সরকারি হাসপাতালে বেড না পাওয়া সংক্রান্ত সমস্যা দূর করতেও বড় উদ্যোগ নিল রাজ্য সরকার।













