বাংলা হান্ট ডেস্কঃ রেশনে জালিয়াতি রুখতে তৎপর রাজ্য সরকার। সেই কারণে ইতিমধ্যেই রেশন কার্ড (Ration Card) নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। বাতিল হয়েছে বহু কার্ড। জানা গিয়েছে, বর্তমানে মূলত একটি কারণেই রেশন কার্ড বাতিল করা হচ্ছে। ফলে কোনও কারণে যদি আপনার রেশন বাতিল বা নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে ফের কীভাবে চালু (Ration Card Activate) করতে হবে জেনে নিন।
রেশন কার্ড ফের চালু করার উপায় | (Ration Card)
জানা গিয়েছে, রেশন কার্ড ব্যবহার না করলেই মূলত সেটি বাতিল করা হচ্ছে। নতুন নিয়ম বলছে, কোনও রেশন গ্রাহক যদি ৬ মাস রেশন না তোলেন, সেক্ষেত্রে তাঁর কার্ড বাতিল করা হতে পারে। বা বলা ভালো নিষ্ক্রিয় করা হতে পারে।
আরও পড়ুনঃ বাজারের ভিড়-ঠেলাঠেলি অতীত! এবার ঢেলে সাজাবে রাজ্য, ঘোষণা অগ্নিমিত্রার
যদি কোনও গ্রাহকের রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়, তাহলে ডেটাবেস থেকে সেটি সম্পূর্ণ মুছে ফেলা হবে না। ডেটাবেসে এর রেকর্ড থাকবে। উপভোক্তারা চাইলে ফের সেটি চালু করতে পারেন।
সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সব রেশন কার্ডের ই-কেওয়াইসি বাধ্যতামূলক। নাহলে সেটি নিষ্ক্রিয় করা হতে পারে। তবে কার্ড বাতিল বা নিষ্ক্রিয় হয়ে গেলেও ই-কেওয়াইসি করালে কার্ডটি ফের চালু হয়ে যাবে। ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতেই এই পদক্ষেপ বলে দাবি সরকারের।
রেশন কার্ডের ই-কেওয়াইসি অনলাইন ও অফলাইন দু’ভাবেই সম্ভব। অনলাইনে করতে হলে খাদ্য দফতরের অফিশিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ -এ যেতে হবে। সেখানে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড অপশনে ক্লিক করলেই ই-কেওয়াইসি অপশন পাওয়া যাবে। আধার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করলেই কার্ড ফের চালু হয়ে যাবে।

অন্যদিকে কেউ চাইলে অফলাইনেও রেশন কার্ডের ই-কেওয়াইসি করাতে পারেন। সেক্ষেত্রে আধার কার্ড ও চালু মোবাইল নম্বর নিয়ে খাদ্য দফতরের রেশন অফিসে যেতে হবে। সেখানে গেলেই কাজ হয়ে যাবে।
রেশন কার্ডের ই-কেওয়াইসি শুধু পশ্চিমবঙ্গে নয়, সম্পূর্ণ দেশেই বাধ্যতামূলক করা হয়েছে। চলতি বছরের ৩০ জুলাইয়ের মধ্যে সারা দেশের প্রায় ৯৪ শতাংশ রেশন গ্রাহক এই প্রক্রিয়া সেরে ফেলেছেন। রাজ্যের যেসব রেশন গ্রাহক এখনও ই-কেওয়াইসি করেননি, তাঁরা অনলাইন বা অফলাইন, যে কোনও ভাবে এই কাজ সেরে ফেলতে পারেন।













