৫ লক্ষের ফ্রি চিকিৎসা পাচ্ছেন না? ঘরে বসেই জানান অভিযোগ, কোথায়, কীভাবে জানুন

Published on:

Published on:

How to file complaint if hospital refuses to give Ayushman Bharat Yojana free treatment to patient
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে চালু হয়ে গিয়েছে আয়ুষ্মান ভারত যোজনার (Ayushman Bharat Yojana) পরিষেবা। ইতিমধ্যেই বহু উপভোক্তা অফিশিয়াল পোর্টাল থেকে আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card) ডাউনলোড করেছেন। তবে অনেক সময় দেখা যায়, কার্ড থাকলেও অনেক হাসপাতাল রোগীকে ভর্তি নিতে চায় না কিংবা বিনামূল্যে চিকিৎসা দিতে অস্বীকার করে। সেক্ষেত্রে ঘরে বসেই উপভোক্তারা অভিযোগ জানাতে পারেন। কোন নম্বরে, কীভাবে অভিযোগ জানানো যায় জেনে নিন।

আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে কোথায় অভিযোগ জানাবেন? | (Ayushman Bharat Yojana)

কোনও সরকারি প্রকল্প নিয়ে অভিযোগ থাকলেও অনেকেই ভাবেন হয়তো বিভিন্ন দফতরের চক্কর কাটতে হবে। যদিও আয়ুষ্মান ভারত যোজনার ক্ষেত্রে এমনটা নয়। ঘরে বসে অনলাইনের মাধ্যমেই সরকারের কাছে নিজেদের অভিযোগ জানাতে পারেন উপভোক্তারা। তবে এর জন্য নির্দিষ্ট কিছু তথ্য রাখা জরুরি।

আরও পড়ুনঃ লাগছে ৩টি নথি! আবাস যোজনায় কীভাবে আবেদন করবেন? কতদিন সময় আছে জানুন

আয়ুষ্মান ভারত কার্ড থাকা সত্ত্বেও কোনও তালিকাভুক্ত হাসপাতাল চিকিৎসা দিতে অস্বীকার করলে হাসপাতাল কর্তৃপক্ষের থেকে লিখিত নিয়ে নেবেন। যাতে সম্পূর্ণ ঘটনার প্রমাণ থাকে। কোনও চিকিৎসক বা চিকিৎসাকর্মী পরিষেবা দিতে না চাইলে, তাঁদের নাম, ঘটনার দিন ও সময় নিজের কাছে নোট করে রাখুন। পাশাপাশি রোগীর মেডিক্যাল রিপোর্ট, চিকিৎসকের প্রেসক্রিপশন, হাসপাতালের স্লিপ বা কোনও টাকা দিয়ে থাকলে সেটার রশিদ নিজের কাছে রেখে দিন।

এরপর অভিযোগ জানানোর জন্য উপভোক্তাকে সরকারি ওয়েবসাইট https://cgrms.pmjay.gov.in/GRMS/loginnew.htm -এ যেতে হবে। হোমপেজে গিয়ে ‘আপনার অভিযোগ রেজিস্টার করুন’ অপশনে ক্লিক করে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্প বেছে নিতে হবে। এরপর রোগীর নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আয়ুষ্মান ভারত কার্ডের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর যে হাসপাতাল চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করেছে তাঁদের নাম ও বিবরণ জানাতে হবে।

পরবর্তী ধাপে অভিযোগের জায়গায় ঘটনার বিবরণ সংক্ষেপে দিতে হবে। সেখানে ঘটনার তারিখ, সময়, চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করা ডাক্তার ও চিকিৎসক কর্মীর নাম দিতে পারেন। প্রয়োজনীয় কিছু নথি আপলোড করতে হবে, যেমন- হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত বক্তব্য, সংশ্লিষ্ট হাসপাতালের কোনও রশিদ ইত্যাদি। এরপর অভিযোগ জমা দিয়ে দিতে হবে।

Ayushman Bharat Yojana

অভিযোগ জমা করার পর একটি কমপ্লেন রেজিস্টার্ড নম্বর আসবে। সেটি যত্ন করে রাখুন। ভবিষ্যতে এই নম্বর দিয়েই অভিযোগ স্ট্যাটাস চেক করা যাবে। পাশাপাশি কেউ চাইলে ১৪৫৫৫ হেল্পলাইন নম্বরে ফোন করেও অভিযোগ জানাতে পারেন।

চলতি অগাস্ট মাস থেকে বাংলায় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তথা আয়ুষ্মান ভারত যোজনা চালু হয়েছে। এই প্রকল্পের অধীন উপভোক্তাদের বছরে ৫ লক্ষ টাকা অবধি ফ্রি চিকিৎসার সুযোগ দেওয়া হয়। তবে তালিকাভুক্ত কোনও হাসপাতাল যদি সেই পরিষেবা দিতে অস্বীকার করে তাহলে বাড়ি বসেই সরকারের কাছে অভিযোগ জানাতে পারেন উপভোক্তারা। এরপর সরকারের তরফেই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।