ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে লড়াকু ফুটবল ভারতের! বিশ্বকাপ খেলা পানামাকে রুখে দিলেন খালিদের ছেলেরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সদ্য বিশ্বকাপে অংশগ্রহণ করে আসা দেশের বিরুদ্ধে অনবদ্য লড়াই উপহার দিলো খালিদ জামিলের (Khalid Jamil) ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। ফিফা ক্রমতালিকায় থাকা ৪৪ নম্বর দেশ পানামার বিরুদ্ধে (India vs Panama) ম্যাচ ১-১ ফলে ড্র করল ব্লু টাইগার্সরা। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পরিকাঠামো ও ফুটবল বোধের দিক দিয়ে কয়েকশো গুণ এগিয়ে থাকা দেশকে রুখে দিলেন রায়ান উইলিয়ামসরা (Ryan Williams)।

একসময় সমর্থকরা ভাবতে শুরু করেছিলেন যে ভারতীয় দল হয়তো এই ম্যাচ জিততেও পারে। কারণ প্রথমার্ধে আকাশ মিশ্রার ডিফেন্স ভেদ করা পাস ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ভারতীয় দলের নতুন ভারতীয় বংশোদ্ভূত সদস্য রায়ান উইলিয়ামসের গোলে ভারত এগিয়ে যায়। গোটা প্রথমার্ধ জুড়ে ডিফেন্সে অসাধারণ খেলেন ইস্টবেঙ্গলের তারকা ডিফেন্ডার আনোয়ার আলী।

আনোয়ারের সাথে যোগ্য সঙ্গত দেন পাঞ্জাব এফসির ডিফেন্ডার বিজয় ভার্গিস। দ্বিতীয়ার্ধের শেষদিকে তার একটি গুরুত্বপূর্ণ ট্যাকেল নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা করে ভারতকে। তবে তার আগে পানামা সমতা ফিরিয়েছিল ম্যাচের ৭০ মিনিটে। ওমার ভ্যালেন্সিয়ার দূরপাল্লার শট অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীতকে দাঁড় করিয়ে রেখে জালে জড়িয়ে যায়। কিন্তু গোটা ম্যাচে নিশ্চিত গোলের সুযোগ খুব বেশিবার তৈরি করতে পারেননি পানামার ফুটবলাররা।

আরও পড়ুন: প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ঐতিহাসিক কীর্তি ইস্টবেঙ্গলের! চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়লেন হাবাসের ছেলেরা

গোল খাওয়ার পর ভারত শেষ কিছু মিনিট পানামার মতো দলের বিরুদ্ধে যথেষ্ট চাপ তৈরি করেছিল। মোহনবাগানের তারকা স্ট্রাইকার মনবীর সিং বারবার সমস্যায় ফেলছিলেন পানামার বিশ্বকাপ খেলা ডিফেন্ডার ও অধিনায়ক সেজার ব্ল্যাকম্যানকে। পরিবর্ত হিসেবে নেমে ইস্টবেঙ্গলের তরুণ তারকা এডমুন্ডও পানামার ডিফেন্ডারদের সমস্যা বাড়াচ্ছিলেন। কিন্তু কয়েকটি সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় তারা।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল প্রাক্তনীর হাতে করেই মোহনবাগান তাঁবুতে এলো CFL ট্রফি! বড় জয় এলো IFA শিল্ডের ম্যাচেও

তবে নিজেদের থেকে ৯৬ ধাপ এগিয়ে থাকা দলের বিরুদ্ধে যথেষ্ট প্রশংসনীয় পারফরম্যান্স করেছে ভারত। বিশ্বকাপ খেলা স্কোয়াড থেকে ৩-৪ বেশি ফুটবলারকে এদিন মাঠে নামেননি পানামার স্প্যানিশ কোচ থমাস ক্রিশ্চিয়ানসন। কিন্তু তা সত্ত্বেও ধারে ভারে অনেক এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াকু ফুটবল খেলেছে ভারত। ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্বজয়ী দলগুলির বিরুদ্ধে নামার আগে এই পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়াবে।