বাংলা হান্ট ডেস্ক : বহু যাত্রীরা নিজেদের কাজের স্থানে পৌঁছানোর জন্য ব্যবহার করেন ট্রেন। এই তীব্র গরমে লোকাল ট্রেনের অতিরিক্ত ভিড় বিরক্তি বাড়ায় যাত্রীদের। তাই এবার গরমের দাবদাহে পোড়ার আগেই, বড় সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ (Indian Railway)। যাত্রীদের সুবিধার্থে একাধিক গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে। আসানসোল–যোধপুর, হাওড়া–জব্বলপুর এবং মালদা টাউন–গান্ধিধাম রুটে মোট তিনটি ট্রেন চলবে।
কোন রুটে রেলের (Indian Railway) স্পেশাল ট্রেন
রেলের ঘোষণা অনুযায়ী, যাত্রীদের সুবিধার্থে ভিড় নিয়ন্ত্রণের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ০১৭০১ জব্বলপুর – হাওড়া ট্রেনটি এপ্রিলের ১৪ তারিখ, ২১ তারিখ ও ২৮ তারিখে ১৯ টা ২০ মিনিট সময়ে জব্বলপুর থেকে ছেড়ে পরের দিন ২২ টা ১৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। ০১৭০২ হাওড়া – জব্বলপুর ট্রেনটি এপ্রিলের ১৬ তারিখ, ২৩ তারিখ ও ৩০ তারিখে ০০:১৫ মিনিট সময়ে হাওড়া থেকে ছেড়ে পরের দিন ০৪:০০ সময়ে জব্বলপুরে পৌঁছাবে। এই ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল স্টেশনে থামবে। এই বিশেষ ট্রেনগুলিতে স্লিপার ক্লাস ও এসিতে বসার ব্যবস্থা রয়েছে।
একইভাবে, ০৪৮১৯ যোধপুর – আসানসোল ট্রেনটি এপ্রিলের ১৪ তারিখ ২১ তারিখ ও ২৮ তারিখ ১৭:০০-এ যোধপুর থেকে ছেড়ে তৃতীয় দিন ০৪:৫৫-এ আসানসোলে পৌঁছাবে। ০৪৮২০ আসানসোল – যোধপুর ট্রেনটি এপ্রিলের ১৬ তারিখ ২৩ তারিখ ও ৩০ তারিখ ০৭:৫৫-এ আসানসোল থেকে ছেড়ে পরের দিন ১৮:৪৫-এ যোধপুরে পৌঁছাবে। এই ট্রেনটি থামবে চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডি স্টেশনে। এই বিশেষ ট্রেনে স্লিপার ক্লাস, সাধারণ তৃতীয় শ্রেণি ও এসিতে বসার ব্যবস্থা রয়েছে।
অন্যদিকে, দীর্ঘ দূরত্বের যাত্রীদের কথা মাথায় রেখে চালু করা হচ্ছে গান্ধিধাম–মালদা টাউন বিশেষ ট্রেন। ০৯৪৬৩ গান্ধিধাম – মালদা টাউন স্পেশাল ট্রেনটি এপ্রিলের ১৯ তারিখে ১২ টা ৩০ মিনিটে গান্ধিধাম থেকে ছেড়ে তৃতীয় দিনে ৯টা ১০ মিনিটে মালদা টাউনে পৌঁছাবে। ০৯৪৬৪ মালদা টাউন – গান্ধিধাম স্পেশাল ট্রেনটি এপ্রিলের ২১ তারিখে ১৭ টা ৩৫ মিনিটে মালদা টাউন থেকে ছেড়ে তৃতীয় দিনে ১৫টা ৩০ মিনিটে গান্ধিধামে পৌঁছাবে। এ বিশেষ ট্রেনটি থামবে যথারীতি নিউ ফারাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং অভয়পুর স্টেশনে। এই ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণী, স্লিপার ক্লাস ও এসি কামরার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন : ভারতীয় রেলের বড় উদ্যোগ, লোকাল ট্রেনের টিকিট কাটলে ছাড়
গরমের মরসুমে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং ভ্রমণকে আরও স্বস্তিদায়ক করতে এই বিশেষ ট্রেনগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।












