নিয়মরক্ষার ম্যাচেও পাকিস্তানের মানসম্মান লুটে নিলো ভারত! অপরাজিত থেকেই সেমিতে হরমনপ্রীতরা

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Women’s Cricket Team) আগেই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলেছিল। এদিনের ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ছিল কেবলই নিয়মরক্ষার। কিন্তু সেই ম্যাচেও দীপ্তি, প্রমীলাদের দাপট ছিল অব্যাহত। রীতিমতো প্রতিপক্ষকে ধ্বংস করে গ্রূপপর্বে অপরাজিত থেকে এশিয়া কাপের (2026 Women’s Asia Cup) নক-আউটের যোগ্যতা অর্জন করেছে ভারত।

এদিনের ম্যাচ ভারতের চেয়ে পাকিস্তানের কাছে ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। এদিন ভারতকে হারাতে পারলে তাদেরও সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যেতো। কিন্তু এই ম্যাচ হারায় কিছুটা চাপ বাড়লো তাদের ওপরে। নিজেদের দমে নক-আউট নিশ্চিত করতে গেলে গ্রূপের শেষ ম্যাচে দুর্বল হংকংয়ের বিরুদ্ধে জিততেই হবে পাকিস্তানকে।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা খান। লক্ষ্য ছিল ভারতের ওপর একটা বড় রানের বোঝা চাপিয়ে দেওয়া। কিন্তু বাস্তবটা ছিল সম্পূৰ্ণ ভিন্ন। শুরুটা ভালো করলেও ম্যাচের পঞ্চম ওভার থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারানো শুরু করে পাকিস্তান।

আরও পড়ুন: ভারতের নীল জার্সিতে ফেরা হচ্ছে না বুমরার! তার বদলে এই তারকাকে তৈরি থাকতে বলছে BCCI

এরপর ভারতীয় স্পিনারদের দাপটে মাত্র ১০৯ বলেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। প্ৰথম উইকেটের পতনের পর থেকে আর রানসংগ্রহে কোনও গতিই আনতে পারেনি সওয়াল জুলফিকর, গুল ফিরোজা-রা। ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান মহিলা দল। অসাধারণ বোলিং করেন অভিজ্ঞ অলরাউন্ডার দীপ্তি শর্মা। মাত্র ৩.১ ওভার হাত ঘুরিয়ে ৫ রান খরচ করে ২টি উইকেট তোলেন তিনি।

আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরের আগে বড় সমস্যায় ভারত! এই ধরণের ক্রিকেটারের অভাব ভোগাতে পারে শুভমান গিল-দের

এছাড়া প্রশংসনীয় বোলিং করেন শ্রী চর্নী (৩/৭), প্রমীলা রানাওয়াত-রাও (৩/৯)। ১টি উইকেট নেন পার্ট-টাইম স্পিনার শেফালী ভার্মাও। এরপর রান তাড়া করতে নেমে দ্রুত দুই ওপেনার সহ তিনটি উইকেট খোয়ালেও কোনও বিপর্যয় হতে দেননি অধিনায়ক হরমনপ্রীত (১৮*) ও অভিজ্ঞ দীপ্তি (১২*)। ম্যাচের নবম ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।