বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দলে ফিরলেও ভারতকে জেতাতে পারলেন না তারকা ক্রিকেটার ঈশান কিষাণ (Ishan Kishan)। চোটের কারণে তিনি পরপর বেশ কয়েকটি ম্যাচে নীল জার্সিতে মাঠে নামতে পারেনি। তারপরেও ভারতীয় দলের (Indian Cricket Team) সিরিজ জিততে কোনও অসুবিধা হয়নি। তবে শেষ ম্যাচে মাঠে ফিরে দুর্দান্ত হাফসেঞ্চুরি করলেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) একটি বড় রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
ব্যাট হাতে তিনি এদিন ৩২ বলে পাঁচটি চার এবং পাঁচটি ছক্কা সহ ৬১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন। ভারতের দুই তারকা ওপেনার স্যামসন এবং অভিষেক ব্যর্থ হওয়ার পরেও ঈশান ও শ্রেয়াস আইয়ারের হাফ সেঞ্চুরিতে ভর করে ভারত সম্মানজনক জায়গায় পৌঁছে গিয়েছিল। কিন্তু বোলারদের ব্যর্থতায় তাদের টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে।

তবে এদিন নিজের প্রাক্তন অধিনায়ক সূর্যকুমার যাদবের একটি বড় রেকর্ড ভেঙে দিয়েছেন ঈশান কিষাণ। ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি ছিল সূর্যকুমারের নামে। কিন্তু এখন এই রেকর্ডটি নিজের নামের করে নিয়েছেন ঈশান কিষাণ।
আরও পড়ুন: পরপর ম্যাচ হারলেও সিরিজ জিতেছে ভারত! এবার এই মনছোঁয়া কাজ করে সকলের প্রশংসা কুড়োলেন শ্রেয়স
২০২২ সালে নিজের ফর্মের মধ্যগগনে ছিলেন সূর্যকুমার যাদব। ওই নির্দিষ্ট বছরে ভারতের জার্সিতে ১,১৬৪ রান করেছিলেন স্কাই। কিন্তু চলতি বছরে ৩৭ ম্যাচ খেলে ঈশানের রানসংখ্যা সেই পুরাতন রেকর্ডকে টপকে গিয়ে দাঁড়িয়েছে ১,২২০ রান। সেইসঙ্গে দলকে বিশ্বকাপ ও এশিয়ান গেমসে স্বর্নপদক জেতানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি।
এদিন সপ্তম ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের জার্সিতে ২,০০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান সম্পূর্ণ করেছেন ঈশান। তার আগে এই কীর্তি গড়ে গিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা, লোকেশ রাহুল। এদের মধ্যে বল খেলার ক্ষেত্রে অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদবের পর তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন ঈশান।












