বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট আসতে আর বেশি দেরি নেই। তার আগেই আয়কর নিয়ে মধ্যবিত্ত মানুষের আশা বাড়ছে। বিশেষ করে বিবাহিত দম্পতিদের জন্য বড় সুখবর আসতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সরকার ‘জয়েন্ট ট্যাক্সেশন’ (Joint Taxation) নামে নতুন একটি করব্যবস্থা চালু করার কথা ভাবছে। এই নিয়ম চালু হলে অনেক পরিবার বছরে লাখ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারে।
জয়েন্ট ট্যাক্সেশন (Joint Taxation) আসলে কী?
সহজ ভাষায় বললে, জয়েন্ট ট্যাক্সেশন (Joint Taxation) মানে হল স্বামী ও স্ত্রী আলাদা আলাদা আয়কর রিটার্ন না জমা দিয়ে, একসঙ্গে একটি রিটার্ন জমা দেওয়া। এখনকার নিয়মে, স্বামী-স্ত্রী দু’জনকেই আলাদা করদাতা ধরা হয়। তাঁদের আয়ের উপর আলাদাভাবে কর দিতে হয়। কিন্তু নতুন প্রস্তাব এলে, দু’জনের মোট আয় একসঙ্গে ধরে কর হিসেব করা যাবে। এই প্রস্তাবটি সরকারের কাছে দিয়েছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI)। তবে এই ব্যবস্থা বাধ্যতামূলক হবে না। চাইলে দম্পতিরা পুরনো নিয়মেও কর জমা দিতে পারবেন। এর জন্য স্বামী ও স্ত্রীর দু’জনেরই প্যান কার্ড থাকা প্রয়োজন হতে পারে।
বর্তমান নিয়মে সমস্যা কোথায়?
বর্তমানে ভারতের আয়কর ব্যবস্থা পুরোপুরি ব্যক্তি-কেন্দ্রিক। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন সেই পরিবারগুলি, যেখানে একজনই উপার্জন করেন।
- একজন আয় করলে সমস্যা: অনেক সংসারে একজন চাকরি বা ব্যবসা করেন, আর অন্যজন ঘরের কাজ সামলান। যিনি আয় করেন না, তাঁর জন্য যে করছাড়ের সুবিধা থাকে, তা একেবারেই কাজে লাগে না।
- করছাড় নষ্ট হয়ে যায়: আলাদা আলাদা কর জমা দেওয়ার কারণে উপার্জনকারী সদস্যই পুরো আয়ের উপর কর দেন। অন্যজনের করছাড়ের সুবিধা এখানে ব্যবহার করা যায় না।
জয়েন্ট ট্যাক্সেশন এলে কী লাভ হবে?
এই ব্যবস্থা (Joint Taxation) চালু হলে একক উপার্জনকারী পরিবার সবচেয়ে বেশি লাভ পাবে।
- করমুক্ত আয়ের সীমা বাড়তে পারে: স্বামী-স্ত্রীর আয় একসঙ্গে ধরা হলে করমুক্ত আয়ের সীমা কার্যত বেড়ে যাবে। ফলে মোট কর কম দিতে হবে।
- আরও বেশি কর সাশ্রয়: হোম লোন, স্বাস্থ্য বিমা বা অন্যান্য করছাড় যৌথভাবে ব্যবহার করা যাবে। এতে বছরে কয়েক লাখ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে।
- সারচার্জে স্বস্তি: যাঁদের আয় বেশি, তাঁদের ক্ষেত্রে সারচার্জের চাপও কিছুটা কমতে পারে।

আরও পড়ুনঃ বেলডাঙা সেকশনে ট্রেন চলাচল স্থগিত, নিরাপত্তার স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল
ভারতে এই ব্যবস্থা (Joint Taxation) নতুন হলেও, অনেক দেশেই বহু বছর ধরে জয়েন্ট ট্যাক্সেশন চালু আছে। আমেরিকা, জার্মানি, স্পেন ও পর্তুগালের মতো দেশে স্বামী-স্ত্রী একসঙ্গে কর জমা দিতে পারেন। সেখানে পরিবারকে একক আর্থিক ইউনিট হিসেবে ধরা হয়। বিশেষজ্ঞদের মতে, ভারতেও এই ব্যবস্থা চালু হলে কর ব্যবস্থা আরও সহজ ও পরিবারবান্ধব হবে।













