বাংলা হান্ট ডেস্ক : চোরবাগানের দুর্ঘটনা (Chorbagan Incident) উঠছে একাধিক প্রশ্ন। বিপর্যয়ের দিন মাইকে মণ্ডপ ভেঙে পড়ার খবর জানিয়েছিলেন যাঁরা, তাঁদের ভূমিকা খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। বৃহস্পতিবার গ্রেপ্তার হন ঘোষক সেন্টু। তার পর রাতেই পুলিশের হাতে ধরা পড়েন বাবু মজুমদার ওরফে কালিয়া। কিন্তু কালিয়ার গ্রেপ্তারির পর তাঁর স্ত্রী কোয়েলের বক্তব্যে তদন্তে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
চোরবাগানের দুর্ঘটনা(Chorbagan Incident) প্রসঙ্গে কী জানান?
কোয়েলের অভিযোগ, ক্লাবের কয়েকজন সদস্যই নাকি কালিয়াকে ২৭ অক্টোবর পর্যন্ত আড়ালে থাকার পরামর্শ দিয়েছিলেন। কোয়েলের দাবি অনুযায়ী, কালিয়া দীর্ঘদিন ধরে চোরবাগানের সঙ্গে যুক্ত থাকলেও মাইকে ঘোষণা করা তাঁর নিয়মিত কাজ ছিল না। পেশায় তিনি অ্যাপ ক্যাব চালক। স্ত্রীর বক্তব্য, কালিয়া গুছিয়ে কথা বলতে পারেন না বলে সাধারণত তাঁকে ঘোষণার দায়িত্ব দেওয়া হত না। কিন্তু মণ্ডপ ভেঙে পড়ার দিন পরিস্থিতি অন্যরকম ছিল।
কোয়েলের অভিযোগ, ক্লাবের তরফ থেকেই কালিয়াকে মাইকে দুর্ঘটনার কথা জানাতে বলা হয়। পরিস্থিতি আরও জটিল হতে পারে, এই আশঙ্কা থেকেই তিনি সেই ঘোষণা করেছিলেন বলে দাবি তাঁর স্ত্রীর। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য বাড়িতে ফিরেছিলেন কালিয়া। পরে উদ্ধারকাজে যোগ দিতে বেরিয়ে যান। সেই সময় মোবাইল ফোনটি বাড়িতেই রেখে যান বলে জানা গিয়েছে। পরদিন সকালে স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তিনি ক্লাবের কয়েকজন সদস্যের পরামর্শের কথা জানান বলে দাবি কোয়েলের। তাঁর বক্তব্য, ২৭ অক্টোবরের আগে প্রকাশ্যে না আসার নির্দেশ দেওয়া হয়েছিল কালিয়াকে। সেই পরামর্শ মেনেই তিনি আত্মগোপন করেন বলে অভিযোগ।
তবে দীর্ঘক্ষণ এভাবে আড়ালে থাকা কালিয়ারও পছন্দ হচ্ছিল না বলে জানিয়েছেন কোয়েল। তাঁর দাবি, কালিয়া মনে করেছিলেন, অন্যায় না করে থাকলে এভাবে লুকিয়ে থাকার কোনও কারণ নেই। সেই ভাবনা থেকেই বৃহস্পতিবার রাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে একই দিনে গ্রেপ্তার করা হয়েছিল সেন্টুকে।

আরও পড়ুন : ‘অ্যাপ্রুভ হয়েছে ২ লক্ষ ৭২ হাজার ৯০৩ জনের..’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, স্বামীর গ্রেপ্তারির পর নিজের অভিজ্ঞতা নিয়েও মুখ খুলেছেন কোয়েল। তাঁর অভিযোগ, গত কয়েক দিনে তাঁকে নানা ধরনের হেনস্তার মুখে পড়তে হয়েছে। মুর্শিদাবাদে বাপের বাড়িতে গিয়েও স্বস্তি পাননি বলে দাবি করেছেন তিনি। এমনকি, তাঁর ভাইকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল বলেও অভিযোগ কোয়েলের।কালিয়াকে কে ঘোষণা করতে বলেছিলেন, কেন তাঁকে আত্মগোপনের পরামর্শ দেওয়া হয়েছিল এবং এই সিদ্ধান্তের পিছনে কারা ছিলেন—কোয়েলের অভিযোগগুলির উত্তর উঠে আসবে তদন্তে।














