বাংলা হান্ট ডেস্ক : উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary Exam) এবার আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী হতে চলেছে পড়ুয়ারা। সোমবার থেকেই শুরু হচ্ছে তৃতীয় সেমিস্টার। নতুন এই পর্বে পরীক্ষার উত্তর দিতে হবে OMR শিটে। প্রশ্নপত্রের নিরাপত্তা ও পরীক্ষাকেন্দ্রে নজরদারির বিষয়েই বাড়তি সতর্কতা নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary Exam) কড়াকড়ি
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিস্তারিত তথ্য দেন সংসদ সভাপতি মসিউর রহমান সর্দার। তিনি জানান, প্রশ্নপত্র যাতে কোনও অবস্থাতেই আগেভাগে প্রকাশ্যে না আসে, সেজন্য বিশেষ নিরাপত্তা প্রোটোকল তৈরি করা হয়েছে। প্রশ্নপত্র বিতরণের সময়ও থাকছে নির্দিষ্ট নিয়ম। জানা যাচ্ছে, প্রশ্নপত্রের প্রতিটি কপিতে আলাদা সিরিয়াল নম্বর থাকবে। পরীক্ষার্থীদের চোখের সামনেই প্যাকেটের সিল খোলার ব্যবস্থা করা হয়েছে। সিল খোলার প্রক্রিয়া সঠিকভাবে হয়েছে, তা নিশ্চিত করতে উপস্থিত পড়ুয়াদের মধ্যে দুজনের স্বাক্ষরও নেওয়া হবে।
সংসদ সভাপতি জানিয়েছেন, “প্রত্যেকটি প্রশ্নপত্রে থাকবে পৃথক সিরিয়াল নম্বর। পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্রের সিল খোলা হবে, তার প্রমাণ স্বরূপ দুজন পরীক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হবে।” শুধু প্রশ্নপত্র নয়, পরীক্ষা হয়ে যাওয়ার পর OMR শিট কীভাবে নির্দিষ্ট দফতরে পৌঁছবে, সেই ব্যবস্থাতেও এবার নতুনত্ব থাকছে। পরীক্ষাকেন্দ্র থেকে উত্তরপত্র নিকটবর্তী ডাকঘরে পাঠানো হবে। এরপর ইন্ডিয়া পোস্টের মাধ্যমেই সেগুলি সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে পৌঁছবে। অর্থাৎ উত্তরপত্র পরিবহণের দায়িত্বে এবার ডাক ব্যবস্থাকেই ব্যবহার করা হচ্ছে।
তৃতীয় সেমিস্টারের পরীক্ষা চলবে ২১ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। প্রতিদিনের পরীক্ষা শুরু হবে বেলা ১১টায় এবং শেষ হবে দুপুর সাড়ে ১২টায়। তবে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে অর্থাৎ সকাল ১০টার মধ্যেই কেন্দ্রে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে পড়ুয়াদের। নিরাপত্তার ক্ষেত্রেও থাকছে একাধিক ব্যবস্থা। কেন্দ্রে ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। পরীক্ষাকক্ষ ও কেন্দ্রের পরিস্থিতির উপর নজর রাখতে সিসিটিভি ক্যামেরাও ব্যবহার করা হবে।
নজরদারি জোরদার করতে পরীক্ষার্থীর সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিদর্শক মোতায়েন করা হচ্ছে। ২০ জন পড়ুয়ার দায়িত্বে থাকবেন দুজন পরিদর্শক। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর বা অন্য কোনও বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে যাওয়ার অনুমতি নেই। কোনও পরীক্ষার্থী এই নিষেধাজ্ঞা অমান্য করলে তাঁর পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। OMR পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় নিয়ম মেনে উত্তর দেওয়ার ক্ষেত্রেও পড়ুয়াদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : করম পরব ঘিরে পুরুলিয়ায় বিরাট জমায়েত, মুখ্যমন্ত্রীর ঘোষণার দিকে তাকিয়ে কুড়মি সমাজ
নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষার্থীদের কোনও প্রশ্ন বা সমস্যা দেখা দিলে সাহায্যের জন্য হেল্প ডেস্ক চালু রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রয়োজনে ০৩৩-২৩৩৭০৭৯২ এবং ৬২৮৯৮৮৬৬০৬ নম্বরে যোগাযোগ করা যাবে। নতুন পদ্ধতিতে প্রথম বড় পরীক্ষার আগে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি যে কোনও দিক থেকেই ফাঁক রাখতে চাইছে না সংসদ, শনিবারের সাংবাদিক বৈঠকের বার্তায় সেটাই স্পষ্ট।














