বাংলা হান্ট ডেস্ক : বাংলার রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক স্তরেও দ্রুত পরিবর্তনের ইঙ্গিত দিল নতুন সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একের পর এক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে দায়িত্ব দেওয়া হয়। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও একটি গুরুত্বপূর্ণ নাম- শান্তনু বালা (IAS Shantanu Bala)। তাঁকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।
চমকে দেবে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সচিব শান্তনু বালার (IAS Shantanu Bala) পরিচয়:
২০১৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএস অফিসার, বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৮ সালের ১৬ নভেম্বর জন্ম শান্তনুর বায়োটেকনোলজিতে এম.টেক ডিগ্রি রয়েছে। কম বয়সেই একাধিক প্রশাসনিক দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। সেই কারণেই মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব তার কাঁধে দেওয়া হয়েছে বলেই মনে করছেন অনেকে।
মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের দায়িত্ব শুধুমাত্র দফতরের কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রশাসনের অন্দরের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীর প্রতিদিনের সূচি তৈরি থেকে শুরু করে বিভিন্ন সরকারি বৈঠকের সময় নির্ধারণ, বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় রক্ষা এবং রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে যোগাযোগ বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয় এই পদে থাকা আধিকারিককে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রেও ব্যক্তিগত সচিবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
এদিকে, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা করা হয়েছে সুব্রত গুপ্তকে। ভোটের সময় বাংলায় বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। নতুন দায়িত্ব পাওয়ার পর সুব্রত গুপ্ত জানিয়েছেন,”আগামিকাল থেকেই কাজ শুরু করে দেবেন তিনি।”

আরও পড়ুন : সোমবারই হতে পারে শুভেন্দুর মন্ত্রীসভার বাকিদের শপথগ্রহণ! রয়েছে প্রথম সরকারি বৈঠকেরও সম্ভাবনা
নির্বাচন কমিশনের তরফে তাঁকে রাজ্যে পাঠানো হয়েছিল নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। অনেকেই মনে করছেন, শান্তিপূর্ণ ভোটপর্ব পরিচালনায় তাঁর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। গত ৭ মে কমিশনের বিশেষ পর্যবেক্ষকের পদ থেকে তাঁকে সরানো হয়। তার পরপরই নতুন সরকারের তরফে তাঁকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে নিয়ে আসা হল। রাজনৈতিক মহলের মতে, সরকার গঠনের প্রথম দিন থেকেই প্রশাসনে গতি আনতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।













