বাংলা হান্ট ডেস্কঃ শহর কলকাতার জনপ্রিয় সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের (Suhrawardy Avenue) নাম পাল্টে গেল। এবার থেকে গোপাল পাঁঠার (Gopal Mukherjee Road) নামে পরিচিত হবে এই রাস্তা। শনিবার কলকাতা পুরসভার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নতুন নাম কী? | (Suhrawardy Avenue)
গতকাল কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে একটি বিজ্ঞপ্তি জারি করেন। সেখানে জানানো হয়, “সোহরাওয়ার্দি অ্যাভিনিউ নামে পরিচিত রাস্তার নাম গোপাল মুখার্জি রোড করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এবার থেকে এই নামেই এই সড়ক পরিচিত হবে”।
আরও পড়ুনঃ এবার বিপদে মহুয়া মৈত্র? ’৪০ কোটি’ মন্তব্য নিয়ে বড় পদক্ষেপের পথে বিদ্রোহী সাংসদরা
কলকাতা পুরসভার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গ দিবসের পবিত্র দিনে কলকাতা পুরসভার নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। এটি একটি ঐতিহাসিক ভুল সংশোধনে সহায়ক হবে। সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম পাল্টে এবার গোপাল মুখার্জি রোড রাখা হল”।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টঃ ক্লিক করুন
মুখ্যমন্ত্রী আরও লেখেন, “কয়েক দশক ধরে আমাদের শহরের একটি প্রধান সড়ক এমন একজনের নামে ছিল, যিনি ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে অস্ত্র হিসেবে অপব্যবহার করেছিলেন এবং শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য নিরীহ নাগরিকদের গণহত্যা চালিয়েছিলেন। হাজার হাজার নিরীহ জীবন রক্ষা করতে প্রধান রক্ষক হিসেবে এগিয়ে আসা নির্ভীক ব্যক্তিত্ব শ্রী গোপাল মুখার্জির নামে সড়কটির নামকরণের মাধ্যমে অবশেষে একজন প্রকৃত অভিভাবক ও রক্ষাকর্তাকে সম্মানিত করে ঐতিহাসিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হল। প্রকৃত নায়কদের সম্মান জানানোর ও স্মরণ করার সময় এসে গিয়েছে”।

শহর কলকাতার পার্ক সার্কাস অঞ্চলের অন্যতম ব্যস্ত রাস্তা সোহরাওয়ার্দি অ্যাভিনিউ। পার্ক সার্কাস সেভেন্ট পয়েন্টের কাছাকাছি হওয়ার কারণে শহরের অন্যান্য জায়গায় যাওয়া-আসার ক্ষেত্রে এই রাস্তার গুরুত্ব ব্যাপক। এবার সেই সড়কেরই নাম পাল্টে গোপাল পাঁঠার নামে রাখা হল।
প্রসঙ্গত, বিজেপির মুখে মাঝেমধ্যেই ১৯৪৬ সালের ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের কথা শোনা যায়। সেই সময় হিন্দুদের রক্ষা করতে এগিয়ে এসেছিলেন গোপাল মুখোপাধ্যায়। তাঁদের একটি পারিবারিক পাঁঠার দোকান ছিল, পেশায় ছিলেন কসাই। সেই জন্য গোপাল মুখোপাধ্যায় গোপাল পাঁঠা নামে অধিক পরিচিত ছিলেন। এবার তাঁর নামেই সোহরাওয়ার্দি অ্যাভিনিউয়ের নাম রাখা হল।

















