বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে বাংলায় ১০০ দিন সম্পূর্ণ করেছে বিজেপি সরকার (BJP Government)। সেই উপলক্ষেই বর্তমান রাজ্য সরকারের ১০০ দিনের কাজের কিছু দৃষ্টান্ত তুলে ধরলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। এপ্রসঙ্গে আজ শুরুতেই তিনি বললেন, ‘এক্ষেত্রে প্রথমেই বলব অন্নপূর্ণা যোজনার কথা। আপনারা জানেন এই অন্নপূর্ণা যোজনায় প্রত্যেকটা মায়ের ঘরে ঘরে তিন হাজার টাকা পৌঁছানোর অঙ্গীকার এই সরকার নিয়েছে।’
বাংলায় বিজেপি সরকারের ১০০ দিন
পরিসংখ্যান তুলে ধরে নেত্রী বললেন, ‘এক কোটি ৪৫ লক্ষেরও বেশি মা বোনেরা এই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে । মায়েদের জন্য এই সরকার সব সময় বদ্ধপরিকর আছেন এবং মায়েরা আগামী দিনে কিভাবে স্বনির্ভর হয়ে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা করে চলেছে এই সরকার।’
পাশাপাশি রাজ্যের গর্ভবতী মহিলাদের দেওয়া আর্থিক অনুদান প্রসঙ্গে তিনি বললেন, ‘এছাড়াও আমাদের গর্ভবতী মহিলাদের জন্য মাতৃবন্দনায় ২১ হাজার টাকা সাহায্য করার জন্য বরাদ্দ করা হয়েছে।’ এখানেই শেষ নয়, ‘আগামী পয়লা অক্টোবর থেকে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হচ্ছে। আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক ২০ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থাৎ তাদের মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে। মিড ডে মিলের কর্মী এবং রাধুনীদের সাম্মানিক বাড়ানো হয়েছে দেড় হাজার টাকা। ‘ তালিকায় আয়ুষ্মান যোজনার কথাও উল্লেখ করতে ভোলেননি লকেট। তাঁর কথায়, ‘আয়ুষ্মান ভারত যোজনায় ৫ লক্ষ টাকার কার্ড চালু করা হয়েছে। ‘
আরও পড়ুনঃ হাইকোর্টে খারিজ মসজিদের মাইক খোলার মামলা! কি প্রতিক্রিয়া দিলীপ ঘোষের?
পাশাপাশি তৃণমূল সরকারকে কটাক্ষ করে নেত্রী জনিয়েছেন, ‘হাসপাতালে রোগীর দৈনিক খাবারের মান বাড়াতে ৫৬ টাকা ৬৫ পয়সা থেকে বাড়িয়ে ১১০ টাকা করে দিয়েছে রাজ্য সরকার। যে হাসপাতাল গুলোর খাবারের মান অনেক কমে গিয়েছিল। এমন অভিযোগ থাকা সত্ত্বেও আগের সরকার কখনও চেষ্টা করেনি এই সমস্যার সমাধান করার। ‘
নারী নিরাপত্তা প্রসঙ্গে বড় দাবী করে তিনি বললেন, ‘জেলায় জেলায় বাস তথা রুটের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে রাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে আমরা কথা বলতাম । তাছাড়া আগে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন ছিল। কিন্তু আজকে দেখতে পারবেন তথ্য প্রযুক্তি সংস্থায় কিংবা কল সেন্টারে প্রচুর মহিলা যারা কাজ করেন তাদের রাতে বাড়ি ফিরতে হয়। তাদের কথা ভেবে নাইট রুটে আমাদের সরকার বাস পরিষেবা চালু করেছে।’
প্রাক্তন রাজ্য সরকারের আরও সমালোচনা করে এদিন লকেট চট্টোপাধ্যায় বললেন, ‘তৃণমূল আমলে আমরা শিক্ষাক্ষেত্রে রামকে রামধনু করতে দেখেছি, আমরা জলকে পানি করতে দেখেছি, আমরা বিভিন্নভাবে সিঙ্গুর-নন্দীগ্রামকে ইতিহাসে ঢুকিয়ে দিতে দেখেছি।
আরও পড়ুনঃ দুইয়ের বেশি সন্তান নিলেই বিরাট শাস্তি? নতুন আইন আনার ভাবনা রাজ্য সরকারের!
কিন্তু আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির যে পশ্চিমবঙ্গ তাকে আমরা কখনও দেখিনি। বিভিন্ন বিপ্লবীদের শহীদ হয়ে গিয়ে স্বাধীনতার যে আন্দোলন সেটাও আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছিল পাঠ্যক্রম থেকে। কিন্তু আমাদের সরকার যাদের নিযুক্ত করেছেন তাঁদের সাহায্যে চেষ্টা করা হবে আমাদের বাংলার যে শিকড় সেটা মাটিতে যাতে ভালোভাবে ধরে রাখতে পারি এবং বাংলা তথা ভারতবর্ষের ইতিহাস ভালোভাবে জানতে পারি।’













