বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব এবার ধীরে ধীরে ভারতের বাজারেও পড়তে শুরু করেছে। জ্বালানির দাম বাড়ার পাশাপাশি এখন দেখা দিচ্ছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সংকট (LPG Shortage)। দেশের বিভিন্ন শহর থেকে অভিযোগ উঠছে, হোটেল ও রেস্তরাঁগুলিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে বহু জায়গায় রান্না বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
যুদ্ধের জেরে এলপিজি সিলিন্ডার সরবরাহে সমস্যা (LPG Shortage)
নয়াদিল্লি সূত্রে খবর, তৈল সংকটের মুখে ভারত পড়বে না বলে আগে আশ্বাস দিয়েছিলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী। কিন্তু ইরান-ইজরায়েল সংঘাত বাড়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের আমদানি ব্যাহত হতে শুরু করেছে। এর জেরে জ্বালানির দামও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে আচমকাই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সরবরাহে সমস্যা (LPG Shortage) দেখা দিয়েছে বলে অভিযোগ উঠছে। দেশের কয়েকটি বড় শহর থেকেই এমন খবর সামনে আসছে।
সবচেয়ে বেশি সমস্যা(LPG Shortage) দেখা দিয়েছে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। সেখানে বাণিজ্যিক সিলিন্ডারের তীব্র সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে হোটেল মালিকদের সংগঠন। গ্যাস না পাওয়ায় বহু হোটেল ও রেস্তরাঁয় রান্না কার্যত বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বেঙ্গালুরু হোটেল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, যদি দ্রুত সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক না হয়, তাহলে মঙ্গলবার থেকেই শহরের বহু হোটেল সাময়িক ভাবে পরিষেবা বন্ধ করতে বাধ্য হবে।

আরও পড়ুনঃ যুবসাথীর টাকা ঢুকতেই বিতর্ক! কৃষকবন্ধু-লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও কারা পেলেন নতুন প্রকল্পের সুবিধা?
বেঙ্গালুরু দেশের অন্যতম বড় আইটি হাব। বিভিন্ন রাজ্য থেকে কাজের সূত্রে বহু মানুষ সেখানে বসবাস করেন। তাঁদের বড় একটা অংশ প্রতিদিনের খাবারের জন্য এই হোটেল ও রেস্তরাঁগুলির উপরই নির্ভরশীল। ফলে হোটেল পরিষেবা যদি দীর্ঘদিন বন্ধ থাকে, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের উপরই। গ্যাস সরবরাহ (LPG Shortage) স্বাভাবিক না হলে এই সমস্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।












