বাংলা হান্ট ডেস্কঃ ফেব্রুয়ারী মাসে বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল সরকার। বর্ধিত ভাতা ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছিল। তবে এপ্রিলের ২২ তারিখ হয়ে গেলেও এখনও ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। কারণ কী? এই ইস্যুতেই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
ডিএ ইস্যুতে বিস্ফোরক মমতা | Dearness Allowance
মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA West Bengal) বৃদ্ধি সংক্রান্ত ফাইলটি নির্বাচন কমিশন (Election Commission) আটকে রেখেছে। মঙ্গলবার ব্যারাকপুরের জনসভা থেকে মমতা বলেন, “বাজেটে বলেছিলাম ৪ শতাংশ ডিএ দেব। কিন্তু নির্বাচন কমিশন সেই ফাইল আটকে রেখেছে।”
কমিশনকে কাঠগড়ায় তুলে তাদেরকে মুখ্যমন্ত্রীর বার্তা, “আমি বলব, সরকারি কর্মচারীদের স্বার্থে দ্রুত ফাইল ছাড়ুন। এটা আপনাদের কাছে যাওয়ারই কথা নয়, কারণ এটি ভোটের আগের ঘোষণা।” এরপরই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ইতিমধ্যেই ২৫ শতাংশ ডিএ দেওয়া হয়েছে। নতুন করে ঘোষণা করা ৪ শতাংশ ডিএ এপ্রিল মাসের বেতনের সঙ্গেই সরকারি কর্মীরা পাবেন। আমি যা কথা দিই, তা রাখি।”
ইতিমধ্যেই এই ইস্যুতে ‘ভোটকর্মী অ্যান্ড বিএলও ঐক্য মঞ্চ’ এর একটি প্রতিনিধিদল সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে সমস্যার কথা তুলে ধরেছেন। সংগঠনের সাধারণ সম্পাদক সিইও-কে পাঠানো এক বার্তায় জানিয়েছেন যে, গত ৫ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে রাজ্য সরকার ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই সংক্রান্ত কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি।
সংগঠনের অভিযোগ, নির্বাচন চলাকালীন কমিশন তরফে ডিএ-র আদেশ জারির অনুমতি দেওয়া হচ্ছে না। আর সেই কারণেই সমস্যা। তাদের কথায়, গোটা পরিস্থিতির সুযোগ নিয়ে কেন্দ্রীয় সংস্থার ওপর দোষ চাপানো হচ্ছে। একইসাথে নির্বাচনী প্রচারে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে বিষয়টি।

আরও পড়ুন: প্যান কার্ডে নয়া আপডেট, নতুন ফর্ম চালু—জানুন কী কী বদল ও আপনার করণীয় কী?
উল্লেখ্য, বাজেটে অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। বাজেটের ঘোষণায় জানানো হয়েছিল, বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারেই ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। বলা হয়েছিল বর্ধিত ৪ শতাংশ ডিএ যুক্ত হয়ে মোট ২২% ডিএ এপ্রিল মাসের বেতনের সাথেই পাবেন সরকারি কর্মীরা। তবে এখনও সেই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি সামনে না আসায় আশঙ্কায় সরকারি কর্মচারীদের একাংশ।












