যুদ্ধের আঁচ গড়াবে বাংলাতে, মোদীর অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন মমতা‌

Updated on:

Updated on:

Mamata questions Modi about Bengal's safety
Follow

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানকে ঘিরে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার আবহে দেশের রাজনৈতিক মঞ্চেও নতুন করে চড়েছে বাকযুদ্ধের পারদ। আন্তর্জাতিক মন্তব্যকে ঘিরে অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হওয়ায় বিষয়টি এখন নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সম্প্রতি, পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বঙ্গের নির্বাচনের প্রচারে এসে এবার এই প্রসঙ্গ টেনে মোদীকে (Narendra Modi) এক হাত নিলেন মমতা (Mamata Banerjee)।

মোদীকে আক্রমণ শানালেন মমতা (Mamata Banerjee)

ভারতের কোনও ‘অভিযান’ হলে তার রেশ কলকাতা পৌঁছাতে পরে বলেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইসলামাবাদ থেকে। বঙ্গে নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই প্রসঙ্গকে কেন্দ্র করে এবার নদিয়ার বেথুয়াডহড়ির থেকে প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে প্রশ্ন করেন মমতা ‌। মুখ্যমন্ত্রী, নরেন্দ্র মোদীকে প্রশ্ন করে বলেন, বাংলার রাজধানীকে ঘিরে এমন হুমকি দেওয়া সত্ত্বেও কেন প্রধানমন্ত্রী নীরব রয়েছেন?

গতবছর কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলা হয়েছিল। তারপর থেকেই ভারত-পাক সম্পর্ক আরও খারাপ হয়েছে। এই পরিস্থিতিতে খোয়াজা আসিফের মন্তব্যকে ঘিরে নতুন করে পারদ চড়েছে রাজনৈতিক মহলে। খোয়াজা আসিফের বক্তব্য অনুযায়ী, “ভারত যদি ভবিষ্যতে কোনও মিথ্যা অজুহাতে পাকিস্তানে অভিযান চালায়, তবে আমরা তা কলকাতা পর্যন্ত নিয়ে যাব।”

তার এই মন্তব্যে স্পষ্ট, যুদ্ধের আঁচ গড়াবে বাংলা পর্যন্ত। এই নিয়ে শঙ্কায় রয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “বাংলা গোটা দেশকে পথ দেখায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন কলকাতাকে আক্রমণ করার কথা বলেন, সেই কথাটা কেন প্রধানমন্ত্রী বাংলায় এসে এক বারও বললেন না? কেন তিনি জানালেন না যে এর বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে?”

এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। আরও কড়া ভাষায় তিনি বলেন, “প্রধানমন্ত্রী মুখ বুজে বসে আছেন কেন? তবে কি নির্বাচনের আগে আর একটা পহেলগামের ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছে? এটা কি কেবলই লোক দেখানো ছলনা?” মমতার স্পষ্ট বার্তা, বাংলার মানুষের নিরাপত্তা নিয়ে কোনও আপস মেনে নেওয়া হবে না। তাঁর কথায়, “বাংলার মানুষকে লক্ষ্য বানালে বাংলাও দিল্লিকে টার্গেট করবে।”

Mamata questions Modi about Bengal's safety

আরও পড়ুন : ভোটবাক্স আগলাতে হবে মায়ের মতো, দলীয় কর্মীদের আর কী পরামর্শ দিলেন মমতা ?

এদিন সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করে মমতা বলেন, দেশের ও বাংলার নিরাপত্তা নিয়ে এত বড় হুমকির পরেও মোদীর চুপ থাকা ভাবাচ্ছে তাঁকে। তাঁর কথায়, “ভারতীয় হিসেবে আমরা এই অপমান মানব না। আপনি (প্রধানমন্ত্রী) রাজনৈতিক স্বার্থে বাংলাকে নিশানা করতে পারেন, কিন্তু ভিনদেশের প্রতিরক্ষামন্ত্রী যখন বাংলাকে টার্গেট করেন, তখন কেন আপনি চুপ?”