বাংলা হান্ট ডেস্কঃ রামপুরহাটের প্রাক্তন বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের (Asish Banerjee) মৃত্যুতে শোকপ্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সকালে আশিসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এদিন বিকেলে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেন তৃণমূল নেত্রী। দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গীকে হারিয়ে তিনি লেখেন, “আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আমি গভীরভাবে বিচলিত।“
আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার | (Mamata Banerjee)
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন লেখেন, জীবনের অধিকাংশ সময় শিক্ষকতা ও নিষ্ঠার সঙ্গে সমাজসেবা করে কাটিয়েছেন আশিস। নিজের বিনয়ী স্বভাব এবং রামপুরহাট ও বীরভূমের মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের জন্য চিরকাল পরিচিত ছিলেন।
আরও পড়ুনঃ আজ অবধি সময়! এই কাজ না করলে বেশি টাকায় কিনতে হবে রান্নার গ্যাস, গ্রাহকরা জানুন
মমতা লেখেন, “এই ঘটনা আরও বেদনাদায়ক হয়ে উঠেছে কারণ সম্ভবত জীবনের শেষ দিনগুলোয় তাঁকে প্রচণ্ড মানসিক ও আবেগজনিত চাপ সহ্য করতে হয়েছে। পাঁচবারের বিধায়ক, প্রাক্তন ডেপুটি স্পিকার ও চেয়ারম্যান হিসেবে আশিসদা রামপুরহাটের উন্নয়নে নিজেকে নিয়োজিত করেছিলেন। জনগণের জন্য প্রচুর কাজ করেছেন। তবে এতকিছুর পরেও তাঁকে বারবার অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং ক্রমাগত চাপের মুখে ফেলা হয়েছে।“
আশিসের উপর মানসিক চাপের অভিযোগ তুলে তৃণমূল নেত্রী লেখেন, “দীর্ঘদিন জনসেবার পরেও তাঁকে যে পরিমাণ হয়রানি ও মানসিক চাপের সম্মুখীন হতে হয়েছে, তা আমাদের সকলকে রাজনৈতিক বৈরিতার মানবিক মূল্য নিয়ে ভাবতে বাধ্য করে।“

পোস্টের শেষে আশিসের পরিবার, প্রিয়জন, প্রাক্তন ছাত্রছাত্রী ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা। একইসঙ্গে জানিয়েছেন, “তাঁর অভাব চিরকাল অনুভূত হবে।“
এদিকে মমতার পাশাপাশি আশিসের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধায়ক কুণাল ঘোষ সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। মুখ্যমন্ত্রী বলেন, অত্যন্ত দুঃখের খবর। ২০০৬ সালে যে কয়েকজন বিরোধী বিধায়ক ছিলেন, তার মধ্যে তিনি ও আশিস দু’জনেই ছিলেন। ভিডিও কলে আশিসের পরিবারের সঙ্গে কথা বলেছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।













