বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সকাল থেকেই উত্তপ্ত দিল্লির রাজনৈতিক পরিস্থিতি। ইতিমধ্যে বঙ্গভবন ঘিরে ফেলেছে পুলিশ। সেখানে বাংলার বিভিন্ন জায়গা থেকে আসা SIR ঘটনায় মৃত পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন। পুলিশি ঘেরাওয়ের খবর পেয়েই ক্ষুব্ধ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
ঘরের শাড়িতেই অভিষেককে সঙ্গে নিয়ে দ্রুত বঙ্গভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
দিল্লির ১৮১ নম্বর সাউথ অ্যাভিনিউয়ের বাসভবনে অবস্থান করছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশ মোতায়েনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোনও প্রস্তুতি ছাড়াই ঘরের শাড়িতেই অভিষেককে সঙ্গে নিয়ে দ্রুত বঙ্গভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা। তাঁর প্রশ্ন, “অমিত শাহ কলকাতায় এলে রেড কার্পেটে স্বাগত জানানো হয়, আর আমরা দিল্লিতে এলে ব্ল্যাক কার্পেট? এটা কেমন বিচার?”
মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন, বাংলায় SIR আতঙ্কে বহু সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। কোথাও আত্মহত্যা, কোথাও অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠেছে। সেই সমস্ত পরিবারের সদস্যরাই নিজেদের অভিজ্ঞতা জানাতে দিল্লিতে এসেছেন। তাঁদেরই বঙ্গভবনে রাখা হয়েছে। অথচ তাঁদের ভয় দেখানোর জন্যই পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, “মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ এই পরিবারগুলিকে নিয়ে আমি সাংবাদিক বৈঠক করব। নির্দিষ্ট নিয়ম মেনেই আমাদের কর্মসূচি হবে। কিন্তু তার আগেই এভাবে পুলিশ মোতায়েন করা একেবারেই অন্যায়।”
এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, “এটা যেন ভেবে না নেওয়া হয় যে ওদের নির্দেশেই আমরা বিক্ষোভ দেখাব। আমাদের চ্যালেঞ্জ করবেন না। আমরা ডেঞ্জারাস হয়ে উঠতে পারি। আমাদের মাসেল পাওয়ার দেখাবেন না। কেউ লড়াই না করলেও এ দেশে আমি লড়াই করব।”
এদিন দিল্লি পুলিশের উদ্দেশ্যে মমতা (Mamata Banerjee) আবেদন জানিয়ে বলেন, “আমি দিল্লিতে খুব একটা আসি না। মিটিং আছে বলেই এসেছি। এতগুলো বছর সাংসদ ও মন্ত্রী হিসেবে দিল্লিতে এসেছি, কিন্তু এমন পুলিশি অতিসক্রিয়তা কখনও দেখিনি। আপনাদের কাছে অনুরোধ, ওদের ভয় দেখাবেন না। এত পুলিশ দেখলে ওরা আতঙ্কিত হয়ে পড়ছে।”

আরও পড়ুনঃ কমিশনের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে মমতা! SIR বিতর্কে আজ দিল্লিতে হাইভোল্টেজ লড়াই
বঙ্গভবন থেকে বেরিয়ে এসে আরও একবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “আমি দিল্লিতে এলেই এরা ভয় পেয়ে যায়। এখানে গরিব মানুষের জন্য কোনও জায়গা নেই, শুধু জমিদারি চলছে।” এই ঘটনায় জাতীয় রাজনীতিতে নতুন করে কেন্দ্র–রাজ্য সংঘাতের আবহ তৈরি হয়েছে। এখন আগামী মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।












