বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েলিংটনে নিউজিল্যান্ড বনাম ভারতের (New Zealand vs India) প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। কিন্তু মহম্মদ সিরাজকে (Md. Siraj) এই ম্যাচ থেকে বাদ দেওয়া নিয়ে এখনো তীব্র বিতর্ক চলছে। টেস্ট ক্রিকেটে ১৪০টিরও বেশি উইকেট নেওয়া এই খেলোয়াড়কে ভারতীয় দলের (Indian Cricket Team) একাদশ থেকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে বড় বিতর্ক আরম্ভ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন এবং এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রাক্তন ভারতীয় ব্যাটার মনে করেন সিরাজ দলে থাকলে এতক্ষণে ভারতের জয় নিশ্চিত হয়ে যেতো। তার অনুপস্থিতিতেই ফিলিপ্স-নিকলস জুটি ভাঙতে ব্যর্থ হয়েছিল ভারত, যার জন্য অল্প হলেও ম্যাচে টিকে আছে নিউজিল্যান্ড।
ভারতের ২০০৩ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জেতানো মহম্মদ কাইফ দলের কয়েকজন সিনিয়র সদস্যের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অবজ্ঞা করার বিষয়টি নিয়ে তিনি একেবারেই সন্তুষ্ট নন। কাইফ সরাসরি বলেন, “আপনি যদি দেখেন, সাম্প্রতিক সময়ে ভারতের অনেক টেস্ট জয়ে বুমরা এবং সিরাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমিও বাজি ধরে বলতে পারি যে কিছু কিছু ম্যাচের ক্ষেত্রে মহম্মদ সিরাজ, বুমরার চেয়ে সামান্য এগিয়েও আছেন। যারা এই খেলাটি খেলেছেন বা বোঝেন, তাদের ৯০ শতাংশই অবাক হন, কারণ তিনি ভারতের জন্য এত ভালো পারফরম্যান্স করেও জায়গা নিশ্চিত করতে পারেননি। গত কয়েক বছরে SENA দেশগুলোতে আমরা যতগুলো জয় পেয়েছি, তার সবকটিতেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যেমন ওভাল টেস্ট, যেটা আমরা ছয় রানে জিতেছিলাম। এটি ছিল একটি ঐতিহাসিক জয়, এবং সেখানে বুমরা ছিলেন না। সিরাজই আমাদের জিতিয়েছিল।”

তিনি আরও যোগ করে বলেন, “তিনি এমন একজন সিমার যিনি সারাদিন অক্লান্তভাবে একই উদ্যম নিয়ে বল করে যেতে পারেন। আর কেন সবাই তাকে মিস করছে, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। কোনো বোলার কেমন, তা কেবল ম্যাচের প্রথম দিনে—যখন পিচ সবুজ থাকে—তখনকার বোলিং দেখে বোঝা যায় না। আসল পরিচয় পাওয়া যায় তখন, যখন পিচ আর বোলারদের সাহায্য করে না। সিরাজ পুরনো বলে দারুণ কার্যকরী। এই ম্যাচেই নিউজিল্যান্ড ২৯ ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল, কিন্তু এরপর ভারতের পরবর্তী উইকেট পেতে ৫০ ওভারেরও বেশি সময় লেগেছে। ঠিক এই মুহূর্তেই সিরাজের মতো একজন বোলারের প্রয়োজন ছিল—বিশেষ করে পুরনো বলে তার বোলিং দক্ষতা, রিভার্স সুইং করানোর ক্ষমতা এবং তার আক্রমণাত্মক মানসিকতার কথা বিবেচনা করলেই বোঝা যায় তিনি কতটা গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন: ভারতীয় দলে পন্থ ম্যাজিক অব্যাহত! শুভমান গিলের সাথে ছুঁলেন বড় মাইলফলক, প্রশংসায় মাতলেন শাস্ত্রী
এরপর ঘুরিয়ে গৌতম গম্ভীর ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে খোঁচা মেরে কাইফ বলেন, “এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটি একটি সাধারণ রীতি হয়ে দাঁড়িয়েছে। শচীন টেন্ডুলকারও যদি এই দলে থাকতেন, তবে হয়তো ২-৩টি ম্যাচ খেলার পরই তাকে বাদ দেওয়া হতো। তারা সিনিয়র খেলোয়াড়দের কোনো গুরুত্বই দেয় না। এমন খেলোয়াড়দের নাম আঙুলে গুনে শেষ করা যাবে। যেমন কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, বিরাট কোহলি বা সূর্যকুমার যাদব। আর মহম্মদ শামিকে তো দলে ফিরিয়েই আনা হলো না। এই টিম ম্যানেজমেন্ট সিনিয়র খেলোয়াড়দের কোনো মূল্যায়ন বা সম্মান করে না। পরিস্থিতিটা এমন যেন তাদের বর্তমান সক্ষমতা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। সিরাজের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটেছে।”
ভারত আপাতত ভালো পজিশনে থাকলেও ক্রমশ ব্যাটিং-বান্ধব হয়ে ওঠা এই পিচে যদি নিউজিল্যান্ডের ব্যাটাররা তৃতীয় ইনিংসে ভালো ব্যাটিং করে ফেলেন, তাহলে হয়তো ম্যাচ ড্র-এর দিকে গড়াবে। কিন্তু সেক্ষেত্রে প্রথম ইনিংসে কিউয়িদের বাগে পেয়েও একটি বড় পার্টনারশিপের কারণে জয় হাতছাড়া করার আফসোস তাড়া করবে প্রধান কোচ গৌতম গম্ভীরকে।












