বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভারতীয় দলের (Indian Cricket Team) সবচেয়ে বড় লক্ষ্য হলো আসন্ন ওডিআই বিশ্বকাপ (2027 ODI World Cup) জয়। আগামী ওডিআই বিশ্বকাপের একটা বৃহত্তর অংশ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে, যেখানে পিচের অতিরিক্ত বাউন্সের জন্য বাড়তি সুবিধা পাবেন পেসাররা। এমন অবস্থায় আগামী ওডিআই বিশ্বকাপের দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের গুরুত্ব অত্যন্ত বেড়ে যায়। আর ভারতের হাতে এই বিষয়ে সবচেয়ে নির্ভরযোগ্য অপশন ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। কিন্তু তিনি চোটের কারণে বারবার ভুগতে থাকায় তার জায়গায় নীতিশ রেড্ডিকে (Nitish Kumar Reddy) প্রস্তুত করছে গৌতম গম্ভীরের কোচিং টিম।
ভারতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ অলরাউন্ডার হলেন হার্দিক। ব্যাট হাতে ম্যাচ ফিনিশ করার পাশাপাশি বল হাতে ১০ ওভারের ভরসাও নিজের অধিনায়ককে দিতে সক্ষম এই তারকা ক্রিকেটার। কিন্তু সাম্প্রতিক অতীতে তাকে নিয়ে একটি সমস্যা দেখা গিয়েছে ভারতীয় দলে। চোট আঘাতের কারণে দীর্ঘ সময় তিনি ভারতীয় দলের বাইরে রয়েছেন। বিশ্বকাপের আগে তার চোট আঘাতের ঝুঁকির কথা মাথায় রেখে নীতিশ রেড্ডিকে এখন ধারাবাহিক ভাবে সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

কিন্তু হার্দিকের বদলে নীতিশকে প্রস্তুত করার পরিকল্পনায় চিন্তা-ভাবনার গলদ আছে বলে মনে করছেন ভারতের প্রাক্তন পেসার মোহিত শর্মা। তাই তিনি দলের ম্যানেজমেন্টকে উদ্দেশ্য করে নিজের মতামত জানিয়ে বলেছেন যেন নীতিশ রেড্ডিকে তার শক্তি অনুযায়ী কাজে লাগানো হয়। তবেই তার প্রতিভার সর্বোচ্চ সদ্ব্যবহার করা সম্ভব। পাশাপাশি তিনি সকলকে অনুরোধ করেছেন যেন এই তরুণ তারকাকে হার্দিকের সঙ্গে তুলনা না করা হয়, কারণ তাঁদের খেলার ধরন ও দক্ষতা ভিন্ন।
আরও পড়ুন: ভারতীয় দলের জার্সিতে T20 ফরম্যাটে ধোনিকে টপকে গেলেন শ্রেয়স আইয়ার! সামনে শুধু রোহিত শর্মা
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলতে গিয়ে মোহিত বলেন “আমরা বারবার হার্দিক পান্ডিয়ার বদলি হিসেবে তার নাম নিচ্ছি, কিন্তু নীতীশ কুমার রেড্ডি কখনোই হার্দিক পান্ডিয়ার সমকক্ষ হতে পারবেন না। অন্তত এই মুহূর্তে তো নয়ই। এর ফলে যা হয় তা হলো, আমরা আশা করতে থাকি যে নীতীশ কুমার রেড্ডি ঠিক হার্দিক পান্ডিয়ার মতোই ব্যাটিং ও বোলিং করবেন। কিন্তু সেটা সঠিক দাবি নয়।”
আরও পড়ুন: শুভমান গিলের বদলে ভারতের ODI অধিনায়ক হতে চলেছেন শ্রেয়স আইয়ার! বড় সিদ্ধান্ত BCCI-এর
তিনি আরও যোগ করে বলেন, “আমার মনে হয় না তাকে হার্দিকের বিকল্প ভাবাটা একটি সঠিক পদক্ষেপ। আমাদের তার কাছে প্রত্যাশা সীমিত রাখা উচিত। তাঁর ব্যাটিংয়ের ধরন একেবারেই অন্যরকম। তিনি এমন একজন ব্যাটার যিনি ক্রিজে থিতু হওয়ার পর বড় শট খেলতে পারেন, হার্দিকের মতো প্রথম বল থেকেই ছক্কা হাঁকানোর মতো ব্যাটার তিনি নন। তাই আমরা যদি সেই তার কাছে সেই প্রত্যাশা রাখি, তবে তা ভুল হবে। তাঁর প্রতিভার কথা মাথায় রেখেই তাঁকে কাজে লাগানো উচিত। ”














