সিভিকদের নিয়ে শুরু কড়াকড়ি! নিয়োগের বৈধতা যাচাই করবে নবান্ন

Published on:

Published on:

Nabanna will examine recruitment documents of the Civic Volunteers

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteers) একাংশের চাকরি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা! নিয়োগের সময় কোনও সরকারি নিয়ম মানা হয়েছিল কি না, তা এবার নতুন করে যাচাই করার উদ্যোগ নিচ্ছে রাজ্য প্রশাসন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বা জনপ্রতিনিধিদের সুপারিশে যাঁরা কাজে ঢুকেছেন, তাঁদের চিহ্নিত করাই এই পর্যালোচনার অন্যতম লক্ষ্য। সেই কারণে কর্মরত সিভিকদের নিয়োগ সংক্রান্ত পুরনো নথি সামনে আনার প্রস্তুতি চলছে।

সিভিকদের (Civic Volunteers) নিয়োগ নথি খতিয়ে দেখবে প্রশাসন

এই কাজে প্রথমেই গুরুত্ব দেওয়া হচ্ছে নিয়োগের প্রমাণপত্রকে। রাজ্য পুলিশের বিভিন্ন ইউনিট এবং কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের কাছ থেকে কল লেটার, নিয়োগপত্র-সহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হতে পারে। শুধু নথি জমা নিলেই হবে না, নিয়োগের সময় সংশ্লিষ্ট এলাকায় কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল কি না, আবেদনকারীদের বাছাইয়ের জন্য ইন্টারভিউ হয়েছিল কি না, তাও মিলিয়ে দেখা হবে।

Nabanna will examine recruitment documents of the Civic Volunteers

পুলিশ আধিকারিকদের এই অনুসন্ধানের মাধ্যমে নিয়ম মেনে নিয়োগ না পাওয়া কর্মীর সংখ্যা নির্ধারণ করতে চাইছে সরকার। এরপর সেই তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ স্থির করবে নবান্ন। রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগের শুরু ২০১১ সালে। পুলিশ সূত্রের দাবি, প্রথম দিকে নিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হত। শূন্যপদের জন্য বিজ্ঞাপন প্রকাশের পর আগ্রহী প্রার্থীরা আবেদন করতেন। তাঁদের মধ্যে নির্বাচিতদের ইন্টারভিউয়ের জন্য ডাক পাঠানো হত। চূড়ান্তভাবে বাছাই হওয়া ব্যক্তিদের নিয়োগপত্রও দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বচ্ছ পদ্ধতি থেকে সরে আসে তৎকালীন সরকার।

আরও পড়ুন :আকভানের প্রভাবে আকাশপথে দুর্ভোগ, কলকাতা থেকে বাতিল একাধিক উড়ান

পরবর্তী সময়ে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক সুপারিশের প্রভাব বাড়তে থাকে বলে অভিযোগ উঠেছে। সূত্রের দাবি, জেলার তৃণমূল বিধায়ক, সাংসদ এবং দলীয় জেলা সভাপতিরা নিজেদের পছন্দের ব্যক্তিদের নাম পুলিশ সুপার বা ঊর্ধ্বতন কর্তাদের কাছে পাঠাতেন। সেই তালিকা ধরেই অনেককে সিভিক ভলান্টিয়ার হিসেবে কাজে নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। তাঁদের জন্য আলাদা করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কিংবা ইন্টারভিউয়ের আয়োজন করা হয়নি বলেও অভিযোগ। এমনকি কাজে যোগ দেওয়ার পরেও অনেকের হাতে কোনও আনুষ্ঠানিক নিয়োগপত্র দেওয়া হয়নি।

এবার প্রশাসনের নজর সেই নিয়োগগুলির দিকেই। কোন কর্মী প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করে নির্বাচিত হয়েছেন, আর কার নাম জনপ্রতিনিধিদের পাঠানো তালিকা থেকে এসেছে, তা আলাদা করে চিহ্নিত করতে চাইছেন পুলিশ কর্তারা। কলকাতা-সহ বিভিন্ন জেলার পুলিশ ইউনিটে নথি যাচাইয়ের কাজ হলে নিয়োগের সময়কার তথ্যের সঙ্গে বর্তমান কর্মীদের পরিচয় ও নথিপত্র মিলিয়ে দেখা হবে।

যাঁরা সুপারিশের ভিত্তিতে কাজে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ, তাঁদের অনেকের কাছেই নিয়োগ সংক্রান্ত কোনও কাগজপত্র নেই বলে সূত্রের দাবি। ফলে নির্ধারিত নথি জমা দিতে না পারলে তাঁদের নিয়োগ নিয়ে প্রশাসনিক প্রশ্ন উঠতে পারে। যদিও নথি যাচাইয়ের পরে ঠিক কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি।