বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বাংলা ও অসমকে কেন্দ্র করে উন্নয়ন ও পরিকাঠামোতে একের পর এক বড় ঘোষণা করছে কেন্দ্র। সেই ধারাবাহিকতাতেই আজ অসম থেকে বাংলায় এসে হুগলির সিঙ্গুরে ৮৩০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্প, যেমন- রেল, নদীপথ ও পরিবহণ সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এর পাশাপাশি নতুন অমৃত ভারত ট্রেনেরও ফ্ল্যাগ-অফও করবেন তিনি বলে খবর সূত্রের।
দুপুরে তিনটের পর থেকে একের পর এক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)
আজ দুপুর তিনটের পর থেকে একের পর এক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল হুগলির বলাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস। এই প্রকল্পের আওতায় একটি ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট (IWT) টার্মিনাল এবং একটি রোড ওভার ব্রিজ তৈরি হবে। প্রায় ৯০০ একর জমির উপর বলাগড়কে একটি আধুনিক কার্গো হ্যান্ডলিং টার্মিনাল হিসেবে গড়ে তোলা হচ্ছে, যার বার্ষিক পরিকল্পিত ধারণক্ষমতা হবে প্রায় ২.৭ মিলিয়ন টন।
এই প্রকল্পে দুটি কার্গো হ্যান্ডলিং জেটি নির্মাণ করা হবে। এর মধ্যে একটি কনটেনারাইজড কার্গোর জন্য এবং অন্যটি ড্রাই বাল্ক কার্গোর জন্য নির্ধারিত। বলাগড় প্রকল্পের মাধ্যমে ঘনবসতিপূর্ণ নগর করিডোর থেকে ভারী পণ্য পরিবহণ সরিয়ে নেওয়া সম্ভব হবে। ফলে কলকাতা শহরে যানজট ও দূষণ কমবে, নিরাপত্তা বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। উন্নত মাল্টিমোডাল সংযোগ ও লজিস্টিক সুবিধার ফলে আঞ্চলিক শিল্প, এমএসএমই এবং কৃষিপণ্য কম খরচে বাজারে পৌঁছাতে পারবে। এই প্রকল্প ঘিরে লজিস্টিকস, টার্মিনাল অপারেশন, পরিবহণ পরিষেবা ও রক্ষণাবেক্ষণ ক্ষেত্রে বিপুল প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
এর পাশাপাশি কলকাতায় একটি অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটামারানেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। কোচি শিপইয়ার্ড লিমিটেডের তৈরি এই জাহাজটি ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের জন্য দেশীয়ভাবে নির্মিত ছয়টি ইলেকট্রিক ক্যাটামারানের মধ্যে একটি। ৫০ জন যাত্রী বহনে সক্ষম এই হাইব্রিড ইলেকট্রিক অ্যালুমিনিয়াম ক্যাটামারানটি উন্নত ইলেকট্রিক প্রপালশন সিস্টেম ও লিথিয়াম-টাইটানেট ব্যাটারি প্রযুক্তিতে সজ্জিত। এটি সম্পূর্ণ শূন্য-নিঃসরণ বৈদ্যুতিক মোডে যেমন চলতে পারে, তেমনই দীর্ঘ সময়ের জন্য হাইব্রিড মোডেও চলাচল করতে সক্ষম। হুগলি নদী বরাবর নদী পরিবহণ, ইকো-ট্যুরিজম ও যাত্রী সংযোগে এই জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
রেল ক্ষেত্রেও আজ বড় উপহার পাচ্ছে বাংলা। আজ প্রধানমন্ত্রী (Narendra Modi) জয়রামবাটি–বরগোপীনাথপুর–ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন করবেন। এই রেলপথটি তারকেশ্বর–বিষ্ণুপুর নতুন রেললাইন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি ময়নাপুর থেকে জয়রামবাটি পর্যন্ত একটি নতুন ট্রেন পরিষেবাও ফ্ল্যাগ-অফ করা হবে। এর ফলে বাঁকুড়া জেলার বাসিন্দারা সরাসরি রেল সংযোগ পাবেন, যা দৈনন্দিন যাত্রী, ছাত্রছাত্রী ও তীর্থযাত্রীদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করবে।

আরও পড়ুনঃ অভিষেকের ‘গদ্দার’ মন্তব্যে ফুল অ্যাকশনে হুমায়ুন! পাল্টা যা বলে ফেললেন…কেঁপে উঠল রাজ্য রাজনীতি
এদিন বাংলার জন্য তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও ফ্ল্যাগ-অফ করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। ট্রেনগুলি হল –
- কলকাতা (হাওড়া) – আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস
- কলকাতা (শিয়ালদহ) – বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস
- কলকাতা (সাঁতরাগাছি) – তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস












