বাংলা হান্ট ডেস্কঃ বারবার হামলার মুখে পড়ছেন মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। গত শনিবার উত্তরপাড়ায় আক্রান্ত হওয়ার পর সম্প্রতি নিজের নির্বাচনী ক্ষেত্র বেলেঘাটায় হামলার শিকার হন তিনি। এর পিছনে তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে দাবি করেছে বিজেপি। এর বিরুদ্ধে একযোগে সরব হলেন সুদীপের স্ত্রী তথা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় (Nayna Banerjee) ও কুণাল নিজে।
বিজেপির দাবি খারিজ করে ফুঁসে উঠলেন নয়না | (Nayna Banerjee)
বুধবার কুণাল ও নয়না একটি যৌথ সাংবাদিক বৈঠক করেন। সেখানে নয়না স্পষ্ট জানান, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এই ধরণের হিংসার পথ অবলম্বন করবেন না সুদীপ। পাশাপাশি কুণালের অভিযোগ, রাজনৈতিক মদত ও পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে বিজেপি এই ধরণের কাণ্ড ঘটাচ্ছে।
আরও পড়ুনঃ মহিলাদের ফ্রি বাস পরিষেবা দিতে বেড়েছে খরচ! পুজোর আগে রাজ্যের কাছে আরও ২৫ কোটি চাইল NBSTC
কুণালের উপর হওয়া হামলার তীব্র নিন্দা জানিয়ে নয়না বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছে সফট টার্গেট। যাই ঘটুক না কেন, ওর ঘাড়ে দোষ ঠেলে দেওয়া সহজ। তবে বাস্তব এমনটা নয়। কুণালদার সঙ্গে আমার অথবা সুদীপের কী কথা বা মতবিরোধ হয়েছে, সেটা আমাদের নিজেদের বিষয়। আমরা নিজেরা বুঝে নেব। তবে একজন বিধায়কের উপর এভাবে হাতুড়ি দিয়ে হামলা চালানো বা মারধর একেবারেই মেনে নেওয়া যায় না।“
এখানেই না থেমে নয়নার আরও দাবি, পিছন থেকে যারা ইন্ধন দিচ্ছে, তাঁরাই নিজেদের বাঁচাতে বিষয়টিকে ‘তৃণমূল বনাম তৃণমূল’ বলে চালাতে চাইছে। সম্পূর্ণ ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন কুণাল নিজেও।
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে বেলেঘাটার বিধায়ক বলেন, কলকাতার বুকে এত বড় একটি অপরাধ ঘটলেও পুলিশ এখনও অবধি তাঁর বয়ান রেকর্ড করেনি বা অভিযুক্তদের চিহ্নিতও করেনি। পাশাপাশি সুদীপ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে কুণাল বলেন, তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে নতুন দলে যোগদান করায় রাজনৈতিকভাবে সুদীপের বিরোধিতা চলবে। তবে নয়না এখনও তৃণমূল ও মমতার সঙ্গে আছেন। সেই কারণে সুদীপের রাজনৈতিক সিদ্ধান্ত ও নয়নাকে একত্রিত করে তাঁকে আক্রমণ করা উচিত নয়।

সুদীপ ও নয়নার সঙ্গে কুণালের অম্লমধুর সমীকরণের কথা কারোর অজানা নয়। কয়েকদিন আগেই নয়নাকে ‘ভ্রাম্যমাণ বিউটি পার্লার’ বলে খোঁচা দিয়েছিলেন তিনি। তবে আজ যৌথ সাংবাদিক বৈঠক করে একযোগে সরব হলেন দু’জনে।













