বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। সব রাজনৈতিক দলই এখন জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপির সংগঠনের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে খুব শীঘ্রই রাজ্যে আসতে পারেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)। এই সফরে তিনি মূলত সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন বলেই জানা যাচ্ছে।
একাধিকবার বাংলায় এসেছেন নিতিন নবীন (Nitin Nabin)
বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর একাধিকবার বাংলায় এসেছেন নিতিন নবীন (Nitin Nabin)। এমনকি দলের ‘পরিবর্তন যাত্রা’-তেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এটাই হবে তাঁর প্রথম বঙ্গ সফর, যা রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
দলীয় সূত্রে আরও জানা গিয়েছে, এবারের সফরে জোন ভিত্তিক বৈঠক করবেন নিতিন নবীন (Nitin Nabin)। বিভিন্ন জায়গায় সংগঠনের শক্তি ও দুর্বলতা খতিয়ে দেখা, পাশাপাশি ভোটের কৌশল নির্ধারণ—এই সব বিষয়েই জোর দেওয়া হবে। যদিও তাঁর সফরে জনসভা থাকবে কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি বিজেপি নেতৃত্ব।
অন্যদিকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার ঠিক আগের দিনই কলকাতার ব্রিগেডে বড় সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভোট ঘোষণার পর তিনি কবে থেকে বাংলায় প্রচার শুরু করবেন, তা এখনও নির্দিষ্ট নয়। দলীয় সূত্রের দাবি, মার্চের শেষ অথবা এপ্রিলের শুরুতে তাঁর প্রচার কর্মসূচি শুরু হতে পারে। এমনও আলোচনা রয়েছে যে, প্রথম দফার ভোটের কথা মাথায় রেখে উত্তরবঙ্গ থেকেই প্রচার শুরু করতে পারেন তিনি। যদিও মোদীর জনসভা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে এটা প্রায় নিশ্চিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় নেতা বাংলায় একাধিক সভা করবেন।

আরও পড়ুনঃ বিজেপির বাকি ৩৯ আসনে কারা? দিল্লিতে হাইভোল্টেজ বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে
উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচন দু’দফায় অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। হাতে সময় খুব বেশি না থাকায় সব রাজনৈতিক দলই ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছে এবং নিজেদের কৌশল মজবুত করতে ব্যস্ত। এই সময় নিতিন নবীনের (Nitin Nabin) বঙ্গ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনীতি মহল।












