বাংলাহান্ট ডেস্ক: দেশের (India) অন্যতম পরিচিত অ্যালকোহলিক ব্র্যান্ড ওল্ড মঙ্ককে (Old Monk) ঘিরে তৈরি হয়েছে নতুন আইনি জটিলতা। জনপ্রিয় এই পানীয়কে সরাসরি ‘রাম’ (Rum) হিসেবে বাজারজাত করা যাবে কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথারিটি অব ইন্ডিয়া বা FSSAI। বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে মামলার শুনানিতে নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে, ওল্ড মঙ্ক তৈরিতে নিউট্রাল স্পিরিটের সঙ্গে রাম ফ্লেভারিং ব্যবহার করা হয়। সেই কারণে পণ্যটিকে সরাসরি ‘রাম’ হিসেবে উল্লেখ করার ক্ষেত্রে আপত্তি রয়েছে তাদের। FSSAI-এর বক্তব্য, চাইলে এটিকে ‘রাম-ফ্লেভারযুক্ত স্পিরিট’ হিসেবে উল্লেখ করা যেতে পারে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংশোধিত লেবেল আদালতে জমা দিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।
‘Rum’ হিসাবে বিক্রি করা যাবে না Old Monk, হাইকোর্টে জানাল FSSAI:
এই বিতর্কের কেন্দ্রে অবশ্য শুধু একটি শব্দের ব্যবহার নয়, বরং পণ্যটির প্রকৃত চরিত্র এবং সেই সম্পর্কে ক্রেতাদের কাছে কতটা পরিষ্কার তথ্য পৌঁছচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আগে সোমবারের শুনানিতে সংস্থার তরফে জানানো হয়েছিল, বোতলের লেবেল থেকে ‘7 years old blended’ লেখা সরিয়ে দিতে তারা প্রস্তুত। এরপর বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং গৌতম এ আনখাড়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবারের মধ্যে সংশোধিত লেবেল জমা দেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে প্যাকেজিংয়ে ঠিক কোন কোন তথ্য থাকা প্রয়োজন, তা স্পষ্ট করে জানাতে FSSAI-কে বলা হয়েছে। সংশোধিত লেবেল রাজ্যের আবগারি দফতর দ্রুত পরীক্ষা করে অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে নিক, সেই নির্দেশও দেওয়া হয়েছে (Old Monk)।
আরও পড়ুন: ইউরোপের অন্যতম শীর্ষ ডিজেল সরবরাহকারী হয়ে উঠল ভারত! রাশিয়াতেও বাড়ছে ভারতীয় জ্বালানির চাহিদা
আদালতের পর্যবেক্ষণে ‘7 years old blended’ কথাটি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বোতলের গায়ে এমন লেখা থাকলে সাধারণ ক্রেতার মনে হতে পারে, পানীয়টি সাত বছর ধরে সংরক্ষণ করে বা এজিং করে তৈরি করা হয়েছে। বাস্তবে পণ্যটি কীভাবে তৈরি হয়েছে, সেই বিষয়ে ভুল ধারণা তৈরি হওয়ার সম্ভাবনাই আদালতের নজরে এসেছে। তার উপর লেবেলের কিছু লেখা অত্যন্ত ছোট হওয়ায় সাধারণ ক্রেতার পক্ষে সেগুলি পড়ে বোঝাও কঠিন হতে পারে। ফলে প্যাকেজিংয়ে তথ্য কীভাবে এবং কতটা স্পষ্টভাবে দেওয়া হবে, তা এখন মামলার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সংশোধিত লেবেল খতিয়ে দেখতে FSSAI আরও সময় চেয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি হওয়ার কথা, সেদিন বিষয়টি কোন দিকে যায়, সেদিকেই নজর থাকবে।
ওল্ড মঙ্কের পক্ষ থেকে অবশ্য এই আইনি টানাপোড়েনের আর্থিক প্রভাবের কথাও আদালতে তুলে ধরা হয়েছে। সংস্থার হয়ে সওয়াল করা সিনিয়র আইনজীবী নভরোজ এইচ সিরভাই জানিয়েছেন, প্রায় ১২০ দিন ধরে নিষেধাজ্ঞা কার্যকর থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি টাকা করে ক্ষতি হয়েছে বলে সংস্থার দাবি। অর্থাৎ দীর্ঘদিন ধরে চলা এই লেবেল সংক্রান্ত বিতর্ক ব্যবসার উপরও যথেষ্ট প্রভাব ফেলেছে। একই ধরনের আপত্তি অন্য কয়েকটি জনপ্রিয় মদ্যপ পানীয়ের ক্ষেত্রেও উঠেছে। ইউনাইটেড স্পিরিটসও এমন পরিস্থিতির মুখে পড়েছিল, যদিও ২৪ অগস্ট তারা নিজেদের মামলা প্রত্যাহার করে নেয়। কয়েকটি সংস্থা আবার FSSAI-এর নির্দেশ মেনে লেবেল পরিবর্তন অথবা বিতর্কিত ফ্লেভারিং উপাদান বাদ দিতে সম্মত হয়েছে বলে জানা গিয়েছে। তবে লেবেলে পরিবর্তন এলেও পানীয়ের মূল ফর্মুলা বদলানোর প্রয়োজন হবে না বলেই সংশ্লিষ্ট সূত্রে জানা যাচ্ছে।

আরও পড়ুন: ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে টাকা হাতিয়ে ধর্ষণের অভিযোগ! তদন্ত শুরু করল পুলিশ
FSSAI-এর আপত্তির সূত্রপাত মূলত কয়েকটি পানীয়ের নমুনা পরীক্ষাকে ঘিরে। নিয়ন্ত্রক সংস্থার দাবি, কিছু পণ্যে কৃত্রিম বা প্রকৃতির সঙ্গে অভিন্ন ফ্লেভারিং উপাদানের উপস্থিতি পাওয়া গিয়েছে। তাদের বক্তব্য, বাইরে থেকে যোগ করা এমন ফ্লেভার কোনও পানীয়ের স্বাভাবিক বৈশিষ্ট্যপূর্ণ স্বাদ ও গন্ধকে আড়াল করতে পারে। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (অ্যালকোহলিক বেভারেজেস) রেগুলেশন ২০২১৮-এ রাম বা হুইস্কির মতো নির্দিষ্ট শ্রেণির পানীয়ের নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখার বিষয়ে নিয়ম রয়েছে। সেই কারণেই McDowell’s No. 1 Rum, Antiquity Blue Whisky, Royal Challenge Whisky, Old Monk-এর কয়েকটি ভ্যারিয়েন্ট, Bagpiper Deluxe Whisky এবং Old Cask Deluxe XXX Rum-এর মতো একাধিক পণ্যের নির্দিষ্ট ভ্যারিয়েন্ট নিয়েও FSSAI আপত্তি জানিয়েছে। ফলে ১১ সেপ্টেম্বরের শুনানিতে ওল্ড মঙ্কের নতুন লেবেল নিয়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর (Old Monk)।













