সাফ চ্যাম্পিয়নশিপে পরাজিত পাকিস্তান ভারতকে দিল ‘গার্ড অব অনার’, মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও

Published on:

Published on:

Pakistan gives 'guard of honour' to India after defeat in SAFF Championship.

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে ক্রিকেটের ময়দানে পাকিস্তানের সঙ্গে ‘নো হ্যান্ডশেক’-এর মাধ্যমে দূরত্ব বজায় রেখেছেন ভারতীয় খেলোয়াবড়রা। তবে, ফুটবলে দেখা গেল অভিনব এক চিত্র। গত মঙ্গলবার অর্থাৎ ১৭ নভেম্বর ঢাকায় সম্পন্ন হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে ভারত (India)। ম্যাচ শেষে পাকিস্তানি (Pakistan) খেলোয়াড়রা ভারতীয় দলকে ‘গার্ড অব অনার’ দেন। পাশাপাশি, উভয় দেশের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দিয়েছেন। ইতিমধ্যেই এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Championship) পরাজিত পাকিস্তান ভারতকে দিল ‘গার্ড অব অনার’:

জানিয়ে রাখি যে, এই দৃশ্যটি বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ, ক্রিকেটের ক্ষেত্রে সাম্প্রতিক ম্যাচগুলিতে ভারতীয় ও পাকিস্তানি খেলোয়াড়রা টস এবং ম্যাচের পর হাত মেলানো থেকে বিরত থেকেছেন। পুরুষ ও মহিলা দলের মধ্যে ম্যাচেও এই বিষয়টি বজায় ছিল। মূলত, ২০২৫ সালের এপ্রিলে পহেলগাঁও জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণে এই পরিস্থিতির উদ্ভব হয়।

উল্লেখ্য যে, ফুটবল টুর্নামেন্ট চলাকালীন আগেও দুই দলের মধ্যে পারস্পরিক সম্মান জানানোর বিষয়টি স্পষ্ট হয়েছে। গত ৫ নভেম্বর গ্রুপ পর্বের ম্যাচের আগে ভারতীয় কোচ নৌশাদ মুসা স্পষ্ট করে দিয়েছিলেন যে তাঁর দল স্বাভাবিকভাবেই একে অপরকে অভিবাদন জানাবে। এর পরেই ভারতীয় অধিনায়ক বিজয় ভার্গেস এবং পাকিস্তান অধিনায়ক ইউসুফ ইজাজ বাট হাত মেলান। ফাইনালের পর মেডেল সেরিমনি অনুষ্ঠানেও উভয় দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাত মিলিয়েছিলেন এবং হাই-ফাইভ করেন।

আরও পড়ুন: Instagram আর দেখাবে না অশ্লীল কনটেন্ট! অ্যালগরিদমে বড় পরিবর্তন Meta-র

সুহাইল ও সন্দীপ জয়ের নায়ক: জানিয়ে রাখি যে ফাইনাল ম্যাচের, প্রথমার্ধে আলমগীর গাজীর গোলে পাকিস্তান এগিয়ে যায়। সমতা ফেরাতে ভারতকে বেশ বেগ পেতে হয়েছিল। ৫৯ মিনিটে, ভিএআর-এর সাহায্যে বিপজ্জনক ট্যাকলের জন্য জুনাইদ শাহকে লাল কার্ড দেখানো হলে পাকিস্তানকে ১০ জন নিয়ে খেলতে হয়। ভারত দ্রুত এই সুযোগ কাজে লাগায়। ৬০ মিনিটে সুহাইল আহমেদ ভাট গোল করে স্কোর ১-১ করেন। ম্যাচটি ড্র অবস্থায় চলছিল। এরপর ৮৮ তম মিনিটে সন্দীপ মান্ডি জয়সূচক গোলটি করে ভারতকে ২-১ ব্যবধানে জয় এনে দেন।

আরও পড়ুন: ৭ মাসের মধ্যে সর্বোচ্চ স্তর! কীভাবে ঘটল ডলারের বিপরীতে ভারতীয় রুপির দুরন্ত কামব্যাক?

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই জয়ের মাধ্যমে ভারত তাদের দশম এবং টানা তৃতীয় সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করে। পাকিস্তান প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছিল। মোট ৬ টি দেশ অংশগ্রহণকারী এই টুর্নামেন্টে ভারত তাদের মূল সিনিয়র দলের পরিবর্তে তরুণ খেলোয়াড়দের মাঠে নামিয়েছিল। অনূর্ধ্ব-২৩ দলের কোচ নৌশাদ মুসা দলটির দায়িত্বে ছিলেন।