মোদী-মেলোনির বন্ধুত্বের ম্যাজিক! বাজারে হাজির Melody Tiramisu, কী জানাল সংস্থা?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: নয়ের দশকের বহু ভারতীয়র শৈশবের স্মৃতিতে জড়িয়ে থাকা ‘মেলোডি’ টফিকে আগেই নতুন করে ভাইরাল হয়েছিল মে মাসে। এবার সেই টফিই নতুন পরিচয়ে বাজারে এল। কফির স্বাদের সঙ্গে ইতালির জনপ্রিয় ডেজার্ট তিরামিসুর ফ্লেভার মিলিয়ে পার্লে নিয়ে এসেছে ‘Melody Tiramisu’ নামে একটি বিশেষ সংস্করণ। তবে এটি স্থায়ীভাবে নয়, সীমিত সময়ের জন্য বাজারজাত করা হচ্ছে। ১৮০ গ্রাম ওজনের এই লিমিটেড এডিশন প্যাকেটে লেখা রয়েছে ‘Celebrating India–Italy Friendship’। সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত এই বিশেষ সংস্করণ কেবল অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম ব্লিঙ্কিটের মাধ্যমে পাওয়া যাবে এবং কয়েক মাসের মধ্যেই এর বিক্রি বন্ধ করে দেওয়া হবে। নতুন এই প্যাকেট ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে কৌতূহল তৈরি করেছে, বিশেষ করে সেইসব মানুষের কাছে, যাঁদের কাছে ‘মেলোডি’ শুধু একটি টফি নয়, বরং শৈশবের নস্ট্যালজিয়া।

ভারত ইতালির বন্ধুত্বের সম্পর্ক উদযাপনের নতুন Melody Tiramisu ফ্লেভার আনলো পার্লে

এই নতুন প্যাকেটের পেছনে রয়েছে একটি বহুচর্চিত কূটনৈতিক মুহূর্ত। গত মে মাসে ইতালি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির হাতে ভারতের জনপ্রিয় ‘মেলোডি’ টফির একটি প্যাকেট তুলে দেন। সেই ভিডিও মুহূর্তের মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, মেলোনি হাসিমুখে বলেন, “প্রধানমন্ত্রী মোদি আমাদের জন্য উপহার এনেছেন। খুবই ভালো চকোলেট। মেলোডি (Melody Tiramishu)।” এরপর দুই রাষ্ট্রনেতাকেই হাসিমুখে কথা বলতে দেখা যায়। এই দৃশ্য কোটি কোটি মানুষ দেখেছিলেন এবং বহুবার তা শেয়ারও হয়েছিল। সাধারণ নেটিজেনদের পাশাপাশি বিভিন্ন মহলেও এই ঘটনাকে ভারত-ইতালি সম্পর্কের এক ‘মিষ্টি’ প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল।

আরও পড়ুন: বন্যাবিধ্বস্ত আসামে ২১ কোটির অনুদান নীতা আম্বানির! গৌতম আদানি করলেন ১১ কোটির সাহায্য

নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গত কয়েক বছরে একাধিক আন্তর্জাতিক মঞ্চে নজর কেড়েছে। বিভিন্ন সম্মেলনে তাঁদের একসঙ্গে তোলা ছবি ও সেলফি সমাজমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনেকেই মজার ছলে এই জুটিকে ‘মেলোডি’ নামেও উল্লেখ করেছেন। ইতালি সফরের সময় মেলোনির হাতে ‘মেলোডি’ টফি তুলে দেওয়ার ঘটনাও সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা বলেই মনে করা হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, ওই ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি ‘মেলোডি’ টফির বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পাশাপাশি প্রস্তুতকারী সংস্থা পার্লের শেয়ারমূল্যেও ইতিবাচক প্রভাব দেখা গিয়েছিল। সেই বাড়তি আগ্রহকে আরও এগিয়ে নিয়ে যেতেই সংস্থা এবার ‘Melody Tiramisu’ নামে নতুন স্বাদের বিশেষ সংস্করণ বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

সময়ের দিক থেকেও নতুন এই লঞ্চ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রবিবার ‘ফ্রেন্ডশিপ ডে’-র দিনই বাজারে এসেছে এই লিমিটেড এডিশন প্যাকেট। ভারত ও ইতালির বন্ধুত্বকে সামনে রেখেই প্যাকেটের ডিজাইন এবং প্রচারের পরিকল্পনা করা হয়েছে। ইতালির বিখ্যাত তিরামিসুর স্বাদকে ভারতীয়দের পরিচিত কফি-ভরা ‘মেলোডি’র সঙ্গে মিশিয়ে নতুন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছে সংস্থা। তবে এটি সর্বত্র পাওয়া যাবে না। নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট প্ল্যাটফর্মে বিক্রি হওয়ায় ক্রেতাদের আগ্রহ আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিপণন বিশেষজ্ঞরা। সীমিত সংস্করণ হওয়ায় সংগ্রাহকদের কাছেও এই প্যাকেট বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।

Parle has launched the new 'Melody Tiramisu' flavor to celebrate the India-Italy friendship

আরও পড়ুন: সীমান্তে সামরিক শক্তি বাড়াচ্ছে পাকিস্তান! মোতায়েন ২৫০ চিনা হাউইৎজার, কী পরিকল্পনা পড়শি দেশের?

একটি সাধারণ টফি কীভাবে আন্তর্জাতিক কূটনীতির আলোচনার অংশ হয়ে উঠতে পারে, ‘মেলোডি’র সাম্প্রতিক যাত্রাপথ তারই এক ব্যতিক্রমী উদাহরণ। একসময় স্কুলের টিফিন বা পাড়ার দোকানের কাউন্টারে জনপ্রিয় এই টফি এখন ভারত-ইতালি সম্পর্কের এক অনন্য প্রতীক হিসেবেও আলোচিত। ভাইরাল ভিডিওর পর বাজারে আসা নতুন ‘Melody Tiramisu’ সেই আলোচনাকে আরও এক ধাপ এগিয়ে দিল। এখন দেখার, সমাজমাধ্যমে যেমন মোদি-মেলোনির ‘মেলোডি’ মুহূর্ত বিপুল জনপ্রিয়তা পেয়েছিল, তেমনই এই নতুন স্বাদের লিমিটেড এডিশন প্যাকেটও ক্রেতাদের মন জয় করতে পারে কি না।