বাংলা হান্ট ডেস্ক : ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড ঘিরে শুরু হওয়া বিতর্কের তদন্তের মামলাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ফের ডাকল কলকাতা পুলিশ। রবিবার সকালে শেক্সপিয়র সরণি থানার আধিকারিকেরা সমন নিয়ে পৌঁছে যান তাঁর কালীঘাটের বাসভবনে। পুলিশ সূত্রের খবর, সোমবার তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছে।
ক্যামাক স্ট্রিট কান্ডে ফের অভিষেককে (Abhishek Banerjee) তলব
ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের সামনে বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার তদন্তেই এই নতুন পদক্ষেপ বলে জানা যাচ্ছে। অভিষেককে নোটিস দেওয়ার চেষ্টা অবশ্য এর আগেও হয়েছিল। গত বুধবার সন্ধ্যায় তাঁর বাড়িতে গিয়েছিলেন পুলিশকর্মীরা। কিন্তু সেই সময় নোটিস গ্রহণ করার মতো কেউ উপস্থিত না থাকায় তাঁদের ফিরে আসতে হয়।
ওই সময়ে অভিষেক দিল্লিতে ছিলেন। বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে রাজধানীতে গিয়েছিলেন তিনি। শনিবার কলকাতায় ফেরার পর রবিবার আবার তাঁর বাড়িতে হাজির হন তদন্তকারীরা। এবার সরাসরি থানায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর থাকা ভবনের ছাদে লাগানো একটি বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিলবোর্ডটিতে তৃণমূলের নাম এবং দলের জোড়াফুল প্রতীক ছিল। সেটি খোলার কাজ চলাকালীন পুলিশ ও কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে অভিষেকের অনুগামীদের বচসা বাধে বলে অভিযোগ। সেই বাদানুবাদ থেকেই ধাক্কাধাক্কি ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানা যায়। পরে ভবনের ছাদ থেকে বিলবোর্ডটি খুলে ফেলা হয়।

আরও পড়ুন : যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে মামলা, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
ঘটনার পর বিলবোর্ডটির বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ করা হয়, সেটি নিয়ম মেনে বসানো হয়নি এবং তার অবস্থান নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে শেক্সপিয়র সরণি থানায় তিনটি পৃথক এফআইআর দায়ের হয়। সেই অভিযোগগুলির ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে পুলিশ। এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। এবার তাঁকে আবার তলব করা হয়েছে। তবে নতুন করে কী বিষয়ে প্রশ্ন করা হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।













