বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুবিধা চালু করেছে সরকার (West Bengal Government)। এই উদ্যোগে বিপুল সংখ্যক মহিলা উপকৃত হলেও তার প্রভাব পড়ছে পরিবহণ ক্ষেত্রে। বেসরকারি বাস মালিকদের দাবি, সরকারি বাসে মহিলা যাত্রীদের ঝোঁক বাড়ার ফলে তাঁদের যাত্রী সংখ্যা ও আয়— দুটোই কমতে শুরু করেছে। ফলে পরিস্থিতি সামাল দিতে সরকারের সহায়তা চেয়ে সরব হয়েছেন তাঁরা।
রাজ্য সরকারের (West Bengal Government) কাছে আবেদন
শনিবার পরিবহণমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সর্বভারতীয় বাস সমন্বয় সমিতির প্রতিনিধিরা। বৈঠকে তাঁরা জানান, বর্তমানে যাত্রী পরিবহণ ব্যবসা একাধিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। একদিকে যাত্রী কমছে, অন্যদিকে জ্বালানির ক্রমবর্ধমান দাম ব্যবসার খরচ বাড়িয়ে তুলছে।
সংগঠনের বক্তব্য, সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুযোগ চালু হওয়ার পর থেকে বেসরকারি বাসগুলির দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।
যৌথ বাস সিন্ডিকেট কাউন্সিলের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় সংবাদসংস্থা পিটিআই-কে জানান, প্রতিটি বাসে গড়ে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় কম হচ্ছে। তাঁর কথায়, “যেখানে সরকারি বাস পাওয়া যাচ্ছে, সেখানে মহিলা যাত্রীরা স্বাভাবিকভাবেই সেই বাসে উঠছেন। ফলে বেসরকারি বাসে যাত্রী কমছে।” তাঁর মতে, পশ্চিমবঙ্গের গণপরিবহণ ব্যবস্থার বড় অংশ এখনও বেসরকারি বাস পরিষেবার উপর নির্ভরশীল।
উল্লেখ্য, রাজ্যের মোট যাত্রীর প্রায় ৮৫ শতাংশেরও বেশি মানুষ এই পরিষেবার মাধ্যমেই যাতায়াত করেন। ফলে যাত্রী সংখ্যা কমে যাওয়ার প্রভাব সরাসরি পরিবহণ ব্যবসার উপর পড়ছে। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আগে কোনও অভিভাবক প্রতিদিন সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়া এবং ফিরিয়ে আনার জন্য একাধিকবার বাসে যাতায়াত করতেন। এখন সেই যাত্রীরা সরকারি বাস ব্যবহার করায় ওই আয় আর বেসরকারি বাসের ঝুলিতে আসছে না।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ দিবসেই তৈরী হবে নতুন ইতিহাস! ৫০০ নৌকায় যোগায় ওয়ার্ল্ড রেকর্ড করবে বাংলা
উল্লেখ্য, ১ জুন থেকে রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রা প্রকল্প কার্যকর হয়েছে। এই সুবিধা পেতে সরকারি পরিচয়পত্রের মতো স্বীকৃত নথিগুলির যে কোনও একটি জমা করতে হবে। আবেদনকারীদের একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবিও জমা দিতে হবে। পরবর্তীকালে মহিলা যাত্রীদের হাতে বিশেষ ‘পিঙ্ক কার্ড’ তুলে দেওয়া হবে। যদিও এখন পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারছেন মহিলা যাত্রীরা। যাত্রী কমে যাওয়া ও ব্যয় বৃদ্ধি সমস্যার মোকাবিলায় সরকারের কাছ থেকে দ্রুত ইতিবাচক পদক্ষেপের প্রত্যাশায় রয়েছেন বেসরকারি বাস মালিকরা।












