বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সময় নানা প্রকল্প নিয়ে আসে সরকার। এবার কলেজছুট ছাত্রীদের সংখ্যা কমাতে বড় প্রকল্পের (Government Scheme) ঘোষণা করল একটি রাজ্য সরকার। রানি লক্ষ্মীবাই স্কুটি যোজনার (Rani Lakshmibai Scooty Yojana) মাধ্যমে ভালো রেজাল্ট করা ছাত্রীদের বিনামূল্যে স্কুটি দেওয়া হবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন সেটাও জানা গিয়েছে।
রানি লক্ষ্মীবাই স্কুটি যোজনার খুঁটিনাটি | (Rani Lakshmibai Scooty Yojana)
সম্প্রতি মেধাবী ছাত্রীদের জন্য রানি লক্ষ্মীবাই স্কুটি যোজনা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। বহুদিন ধরে এই প্রকল্প নিয়ে চর্চা আলোচনা চলছিল। অনেকে দাবি করছিলেন, এই প্রকল্প চালু করলে যোগী আদিত্যনাথের সরকারের খরচ অনেকটাই বেড়ে যাবে। তবে শেষমেশ মেধাবী ছাত্রীদের জন্য রানি লক্ষ্মীবাই যোজনা নিয়েই এল উত্তরপ্রদেশ সরকার। সম্প্রতি এই প্রকল্পে অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ জনগণনা শুরুর আগেই বড় আপডেট! অনলাইনে পরিবারের সদস্যদের নাম কীভাবে তুলবেন জানুন
এই প্রকল্প সম্বন্ধে উত্তরপ্রদেশের শিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায় বলেন, মেধাবী ছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য বিনামূল্যে স্কুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সকল ছাত্রী স্নাতক স্তরে ভালো ফলাফল করবে, তাঁদের মধ্যে প্রথমের পাঁচ শতাংশ এই প্রকল্পের সুবিধা পাবেন। বিনামূল্যে স্কুটির পাশাপাশি ইনস্যুরেন্স, ৪ লিটার পেট্রোল ও হেলমেটও দেবে রাজ্য সরকার।

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্রীদের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যেতে যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য রানি লক্ষ্মীবাই স্কুটি যোজনা এনেছে রাজ্য। এই প্রকল্প চালু হলে উচ্চশিক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ আরও বাড়বে। মেয়েরা আরও বেশি করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হবে। ফলে ড্রপ আউটের সংখ্যা হ্রাস পাবে।
স্কুলছুট ও কলেজছুট ছাত্রীদের সংখ্যা কমাতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেয় বিভিন্ন রাজ্য সরকার। এবার উচ্চশিক্ষায় ছাত্রীদের অংশগ্রহণ বাড়াতে ও কলেজছুট ছাত্রীদের সংখ্যা কমাতে রানি লক্ষ্মীবাই স্কুটি যোজনা নিয়ে এল উত্তরপ্রদেশ সরকার। এতে ওই রাজ্যের মেধাবী ছাত্রীদের অনেকটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।













