রেশন কার্ড থাকলেও বন্ধ হতে পারে রেশন! কোন ভুলে এমন হবে, জেনে নিন

Published on:

Published on:

Ration Card 6 Month Rule May Deactivate Cards
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রেশন কার্ড (Ration Card) রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে রেশন তুলছেন না? তাহলে এবার বিষয়টি নিয়ে সতর্ক হওয়া দরকার। টানা ছ’মাস রেশন না তোলা হলে সেই কার্ডকে ‘ইনঅ্যাক্টিভ’ হিসেবে চিহ্নিত করা হতে পারে। জানা গিয়েছে, দেশে এমন প্রায় ১ কোটি ৫৮ লক্ষ রেশন কার্ড রয়েছে। এই কার্ডগুলি সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করার প্রক্রিয়া শীঘ্রই শুরু হতে পারে। তবে এতে কার্ড স্থায়ীভাবে বাতিল হয়ে যাবে না।

Ration Card : ৬ মাস রেশন না তুললে কী হবে?

মূলত যে রেশন কার্ড (Ration Card) থেকে গত ছ’মাস ধরে কোনও রেশন নেওয়া হয়নি, সেগুলিকেই নিষ্ক্রিয় কার্ড হিসেবে ধরা হচ্ছে। প্রথমেই এই কার্ডগুলি বাতিল করা হবে না। সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করা হতে পারে। এরপর সংশ্লিষ্ট রেশন কার্ডধারীদের নিজেদের কার্ড এবং রেশন পাওয়ার যোগ্যতা প্রমাণ করার জন্য তিন মাস সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া শেষ করতে হবে। একইসঙ্গে e-KYC সম্পূর্ণ করে কার্ড ফের সক্রিয় করার সুযোগও থাকবে।

কেন এমন সিদ্ধান্ত?

PDS বা গণবণ্টন ব্যবস্থার তালিকা আরও পরিষ্কার এবং নির্ভুল করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে একই ব্যক্তির নামে একাধিক রেশন কার্ড (Ration Card) রয়েছে কি না, মৃত ব্যক্তির নাম এখনও তালিকায় রয়েছে কি না, কেউ অন্য জায়গায় চলে গিয়েছেন কি না, কিংবা অযোগ্য কোনও ব্যক্তি এখনও রেশন তালিকায় রয়েছেন কি না—এসব বিষয় খতিয়ে দেখা হবে। অর্থাৎ, রেশন ব্যবস্থার তালিকা থেকে ভুল এবং অপ্রয়োজনীয় তথ্য সরিয়ে ফেলাই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য।

আগেও হয়েছে রেশন কার্ড যাচাই

এর আগেও রেশন কার্ড (Ration Card) নিয়ে একাধিকবার তথ্য যাচাই করা হয়েছে। আধারের সঙ্গে রেশন কার্ড যুক্ত করা, রেশন কার্ড ডিজিটাইজেশন এবং e-KYC-র মাধ্যমে উপভোক্তাদের তথ্য যাচাই করা হয়েছে। খাদ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত PDS ব্যবস্থা থেকে প্রায় ৫ কোটি ৮০ লক্ষ রেশন কার্ড বাদ দেওয়া হয়েছিল।

সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠেছে

তবে ছ’মাস রেশন না তোলা কার্ডকে (Ration Card) নিষ্ক্রিয় করার এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন বিশেষজ্ঞ। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর রাজেন্দ্রন নারায়ণনের মতে, কোনও কার্ড নিষ্ক্রিয় করার আগে স্থানীয় স্তরে বিষয়টি যাচাই করা দরকার। কেন সংশ্লিষ্ট ব্যক্তি রেশন তুলছেন না, তিনি অন্য জায়গায় চলে গিয়েছেন কি না, নাকি অন্য কোনও কারণে রেশন নিতে পারছেন না, এসব আগে খতিয়ে দেখা উচিত। তারপরই কার্ড নিয়ে পরবর্তী পদক্ষেপ করা উচিত বলে মনে করেন তিনি।

আরও পড়ুনঃ অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন হিসেব, দেরি হলে ৩.৩২ লাখ টাকা পর্যন্ত ক্ষতি হতে পারে কেন?

e-KYC হয়েছে কি না দেখে নিন

খাদ্য দফতরের তথ্য অনুযায়ী, ৩০ জুলাই পর্যন্ত দেশের প্রায় ৯০.৬৪ শতাংশ রেশন উপভোক্তার e-KYC সম্পূর্ণ হয়েছিল। তাই রেশন কার্ডধারীদের নিজেদের e-KYC হয়েছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি।বিশেষ করে যাঁরা দীর্ঘদিন রেশন তোলেননি, তাঁদের নিজের রেশন কার্ডের (Ration Card) বর্তমান স্ট্যাটাস এবং e-KYC সংক্রান্ত তথ্য দেখে রাখা উচিত।