বাংলা হান্ট ডেস্কঃ এবার ষষ্ঠী থেকেই বন্ধ হয়ে যাচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট (Sonajhuri Haat)। পুজোর সময় পর্যটকদের বাড়তি ভিড় সামাল দিতে এবং জঙ্গলের পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন দফতর (Forest Department), স্থানীয় প্রশাসন ও হাট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
ফের কবে খুলবে সোনাঝুরি হাট? | (Sonajhuri Haat)
বৃহস্পতিবার অবধি সোনাঝুরি হাট খোলা থাকবে। শুক্রবার তথা ষষ্ঠী থেকে হাট বন্ধ হয়ে যাবে। আগামী ২১ অক্টোবর অবধি হাট বন্ধ থাকবে। এরপর ফের খুলে যাবে। এই ৬ দিনে স্থানীয় হস্তশিল্পী ও ব্যবসায়ীরা জঙ্গল সাফাইয়ের কাজে হাত লাগাবেন। তবে পর্যটকরা চাইলে সোনাঝুরি জঙ্গলে অনুষ্ঠিত হীরালিনী দুর্গোৎসবে যোগ দিতে পারেন।
আরও পড়ুনঃ ফের অপরিবর্তিত রইল জিপিএফ সুদের হার! পুজোর মধ্যেই বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
প্রশাসনিক আধিকারিকদের দাবি, প্রত্যেক বছর পুজোয় সোনাঝুরি জঙ্গলে পর্যটকদের ঢল নামে। হস্তশিল্পের হাট খোলা থাকলে সেই ভিড় আরও বাড়তে থাকে। এবারও অন্যথা হবে না বলে আশা করা হচ্ছে। সেই আশঙ্কা থেকেই সোনাঝুরি হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিষয়ে হাট কমিটির সদস্য সুকেশ চক্রবর্তী বলেন, “দুর্গাপুজো ঘিরে সোনাঝুরিতে প্রচুর ভিড় হয়। সেই সময় যদি হাট খোলা থাকে, তাহলে ভিড় নিয়ন্ত্রণ অসম্ভব। সেই কারণে হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের কাছে আমাদের আবেদন, পুজো দেখুন, তবে জঙ্গলে প্লাস্টিক ফেলবেন না। পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখুন।“

এদিকে বিগত প্রায় ২৬ বছর ধরে সোনাঝুরি জঙ্গলের কাছে হীরালিনী দুর্গোৎসবের আয়োজন হচ্ছে। বন দফতর ও হাট কমিটির আশঙ্কা, পুজো দেখতে আসা দর্শনার্থীদের সঙ্গে হাটের ক্রেতা এবং পর্যটকদের ভিড় মিশে গেলে তা সামলানো কঠিন হতে পারে। সেই কারণে ষষ্ঠী থেকে বিজয়া দশমী অবধি হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শান্তিনিকেতনে ঘুরতে যাওয়া পর্যটকদের অন্যতম আকর্ষণ সোনাঝুরি হাট। সারা বছর এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে। এবার মূলত পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের দিকে নজর রেখে ষষ্ঠী থেকে হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।














