বাংলা হান্ট ডেস্কঃ একসঙ্গে মোটা টাকা বিনিয়োগের সামর্থ্য সবার থাকে না। অল্প অল্প করে জমিয়ে বড় তহবিল গড়ে তুলতে চান অনেকে। আপনিও যদি এমন কোনও প্রকল্পের খোঁজে থাকেন, তাহলে একটি ভালো বিকল্প হতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হর ঘর লাখপতি স্কিম (Har Ghar Lakhpati Scheme)। সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করলে রোজ মাত্র ২০ টাকা করে জমিয়ে মেয়াদ শেষে লাখপতি হওয়ার সুযোগ দেয় এসবিআইয়ের (SBI) এই প্রকল্প।
হর ঘর লাখপতি স্কিমের হিসাব | (Har Ghar Lakhpati Scheme)
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেই এসবিআইয়ের রেকারিং ডিপোজিটের একটি লক্ষ্যভিত্তিক (গোল্ড বেসড) সংস্করণ হর ঘর লাখপতি স্কিম। এই প্রকল্পের মূল লক্ষ্য হল, ছোট ছোট মাসিক সঞ্চয়ের মাধ্যমে দেশের প্রত্যেক পরিবারকে অন্তত ১ লক্ষ কিংবা তার বেশি নিশ্চিত তহবিল গড়ে তুলতে সাহায্য করা।
আরও পড়ুনঃ কাল ফের বন্ধ বিদ্যাসাগর সেতু! বিকল্প কোন রুটে যান চলাচল? জানাল পুলিশ
দেশের ছোট ও মধ্যবিত্ত সঞ্চয়কারীদের জন্য হর ঘর লাখপতি স্কিম চালু করেছে এসবিআই। এই প্রকল্পে বিনিয়োগকারীদের নির্দিষ্ট সময় অবধি প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করতে হয়। প্রকল্পটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ম্যাচুরিটির পর বিনিয়োগকারী এককালীন ১ লক্ষ টাকা বা তার গুণিতক (২ লক্ষ, ৩ লক্ষ) টাকা পেতে পারেন।
বিনয়োগকারী নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী হর ঘর লাখপতি স্কিমের মেয়াদ বেছে নিতে পারেন। ৩ বছর থেকে ১০ বছর অবধি যে কোনও মেয়াদ নির্বাচন করতে পারেন তাঁরা। নির্বাচিত মেয়াদের উপর ভিত্তি করে প্রত্যেক মাসে কত টাকা করে দিতে হবে তা ঠিক করা হয়। সাধারণ রেকারিং ডিপোজিটের মতোই এই প্রকল্পে সুদের হার দেয় এসবিআই। ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদের হিসাব করা হয়।
এই প্রকল্পে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বছরে ৬.৫০% থেকে ৬.৭৫% অবধি সুদ দেওয়া হয়। সিনিয়র সিটিজেনদের জন্য কিছুটা বাড়তি সুবিধা রয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের তুলনায় ০.৫০% অতিরিক্ত সুদ পান তাঁরা।
এসবিআই হর ঘর লাখপতি স্কিমের বেশ কিছু সুবিধা রয়েছে। এর মধ্যে অন্যতম, দরকার পড়লে জমাকৃত টাকার ৯০% অবধি ঋণ বা ওভারড্রাফট নেওয়া যায়। তবে কোনও বিনিয়োগকারী যদি কোনও মাসে কিস্তি না দিতে পারেন, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী অল্প কিছু জরিমানা ধার্য করতে পারে ব্যাঙ্ক। টানা একাধিক কিস্তি না দেওয়া হলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।
এছাড়া একটি অর্থবর্ষে এফডি/আরডি থেকে প্রাপ্ত সুদের পরিমাণ যদি ৪০ হাজার টাকা বেশি হয়, সেক্ষেত্রে টিডিএস কাটা হতে পারে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই সীমা কিছুটা বেশি। তাঁদের ক্ষেত্রে ৫০ হাজার টাকা হলে টিডিএস কাটা হতে পারে।
হর ঘর লাখপতি অ্যাকাউন্ট খোলার পদ্ধতি
অনলাইন ও অফলাইন দু’ভাবেই এসবিআই হর ঘর লাখপতি স্কিমে অ্যাকাউন্টে খোলা যায়। এসবিআইয়ের বর্তমান গ্রাহক হলে বাড়ি বসে YONO App বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যাবে। এর জন্য ওই অ্যাপ খুলে ‘ডিপোজিট’ সেকশন থেকে ‘ই-আরডি’ বিভাগে গিয়ে ‘হর ঘর লাখপতি’ অপশন বেছে নিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। অফলাইনের ক্ষেত্রে নিকটবর্তী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় গিয়ে আবেদনপত্র পূরণ করে এই প্রকল্পে নাম যোগ দেওয়া সম্ভব।

হর ঘর লাখপতি অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় নথি
এই অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ড, প্যান কার্ড, এসবিআইয়ের সেভিংস অ্যাকাউন্ট ও পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
ঝুঁকিহীন ও নিরাপদ বিনিয়োগ করতে পছন্দ করেন বহু মানুষ। সেই সঙ্গেই অল্প অল্প করে জমিয়ে বড় তহবিল গড়ে তোলা যায় এমন প্রকল্পের খোঁজেও থাকেন অনেকে। এই ধরণের বিনিয়োগকারীদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে এসবিআই হর ঘর লাখপতি স্কিম।













