বাংলা হান্ট ডেস্কঃ বিভিন্ন প্রয়োজনে বিকাশ ভবনে শিক্ষকদের (School Teacher) যাতায়াত লেগে থাকে। এবার সেই গতিবিধিতে লাগাম টানতে উদ্যোগী স্কুল শিক্ষা দফতর (School Education Department)। রীতিমতো নির্দেশিকা জারি করে ফাইলের তথ্য আদানপ্রদানের ক্ষেত্রেও কড়া নিয়মের কথা জানানো হয়েছে। এই নিয়ে শিক্ষক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
কড়া নির্দেশিকা স্কুল শিক্ষা দফতরের | (School Education Department)
সম্প্রতি দফতরের প্রশাসনিক শাখা থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়, এবার থেকে দফতরের কর্মী বা আধিকারিকরা কোনও আবেদনকারী বা বহিরাগতের কাছে কোনও সরকারি ফাইলের নম্বর, স্ট্যাটাস বা গতিবিধি সংক্রান্ত তথ্য প্রকাশ করতে পারবেন না। নির্দিষ্ট সরকারি পদ্ধতির মাধ্যমেই এগুলি জানানো যাবে।

পাশাপাশি নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও অভিযোগ বা আবেদনের স্ট্যাটাস জানতে হলে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি না মিললে কোনও ‘ভিজিটার’কে ডিলিং অ্যাসিন্ট্যান্টদের টেবিলের কাছে যেতে দেওয়া হবে না। অর্থাৎ এবার থেকে কোনও প্রয়োজনে কোনও আধিকারিকের কাছে যেতে হলে আগাম তাঁর অনুমতি লাগবে।
আরও পড়ুনঃ কলকাতার নাগরিক পরিষেবায় গতি আনতে বড় পদক্ষেপ! তৈরি হচ্ছে সব ওয়ার্ডের ডিজিটাল ম্যাপ
স্কুল শিক্ষা দফতরের নির্দেশ, এই বিষয়ে নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারি করতে হবে। পাশাপাশি দফতরের নানা জায়গায় ঝোলাতে হবে ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’ লেখা বোর্ড। দফতরের শৃঙ্খলা ও সরকারি নথির গোপনীয়তা বজায় রাখতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
রাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে শিক্ষক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ক্ষোভ উগড়ে দিয়েছেন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল। তাঁর দাবি, এই পদক্ষেপ সরকারের একটি খারাপ সিদ্ধান্তের নজির।
স্বপন বলেন, “স্বাধীনতার পর থেকে আজ অবধি যা হয়নি, সেটা এখন বিকাশ ভবন করে দেখাল। সাত মাসের সরকারের এত ভয়? ডিআই, এসআই অফিসগুলি ঠিকমতো কাজ করলে শিক্ষকদের বিকাশ ভবনে আসতে হত না। এটি সরকারের একটা খারাপ সিদ্ধান্তের নজির। কেন কোনও ভুক্তভোগী শিক্ষক নিজের আবেদনের স্ট্যাটাস জানতে পারবেন না?”
বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিকাশ ভবনে শিক্ষক ও শিক্ষক সংগঠনগুলির আনাগোনা লেগে থাকে। কেউ নিজের দাবিদাওয়া জানাতে, কেউ আবার ফাইলের স্ট্যাটাস জানতে আসেন। বদলি সংক্রান্ত আবেদনের বিষয়ে তদ্বির করতেও অনেকে ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত হন। এবার সেই অবাধ যাতায়াতে লাগাম টানতে উদ্যোগী স্কুল শিক্ষা দফতর। নির্দেশিকা জারি হতেই এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিক্ষকদের একাংশ।












