বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় টি-টোয়েন্টি দলে (Indian Cricket Team) শুভমান গিল-কে (Shubman Gill) আর সুযোগ দিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। টেস্ট ও ওডিআই ফরম্যাটে ভারতের অধিনায়ক বর্তমানে ক্ষুদ্রতম ফরম্যাটে ব্রাত্য। সঞ্জু স্যামসন প্রাথমিকভাবে তার জায়গা নিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের পরে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠা করে ফেলেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এবার ওডিআই ফরম্যাটেও গিলের জায়গা নিজের করে নিতে পারেন ১৫ বছর বয়সী এই বিস্ময় বালক।
এবার তাকে ওডিআই ফরম্যাটে সুযোগ দেওয়ার দাবি তুলছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। তাদেরই মধ্যে একজন হলেন প্রাক্তন ভারতীয় উইকেটরক্ষক ফারুক ইঞ্জিনিয়ার। তিনি দাবি করছেন এটাই সঠিক সময়ে বৈভবকে ভারতের ওডিআই দলেও সুযোগ দেওয়ার। তার মতে, এই সিদ্ধান্ত ভারতীয় দলকে পরবর্তী ওডিআই বিশ্বকাপে ফেভারিট করে তুলবে।

কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলের রোহিত শর্মা এবং অধিনায়ক শুভমান গিলের ওপেনিং জুটি যথেষ্ট সফল। সূর্যবংশী দলে এলে তিনি খেলবেন কোথায়? এই প্রশ্নের সম্ভাব্য সমাধানও উল্লেখ করেছেন ইঞ্জিনিয়ার। ৮৮ বছর বয়সী প্রাক্তন ভারতীয় তারকার মতে দলে সুযোগ পেলে ওপেনিংয়েই জায়গা দিতে হবে বৈভবকে।
তিনি বলেছেন, “যদি রোহিত শর্মা দলে থাকেন, আর আমি মনে করি তার দলে থাকা উচিত তাহলে তার সঙ্গেই ওপেন করবেন বৈভব। গিল একজন অসাধারণ ক্রিকেটার। সহজে বল হাওয়ায় মারে না। বিরাট কোহলির পর ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ও মিডল অর্ডারকে সামলাতে পারবে। এটাই হবে ভারতের সেরা লাইন-আপ। বৈভব একজন জিনিয়াস, একজন আলাদা রকমের ক্রিকেটার। অতিরিক্ত কোচিং করাতে গিয়ে ওকে নষ্ট করে দেবেন না। ভুল থেকেই ও শিখবে, নিজের মতো করে নিজেকে গড়বে।”
তবে শুভমান গিল আপাতত ব্যস্ত ভারতের টেস্ট স্কোয়াড নিয়ে। আগামী মাসে ভারতীয় টেস্ট দল উড়ে যাবে শ্রীলঙ্কার মাটিতে। ১৫ আগস্ট থেকে শুরু হতে চলা ওই টেস্ট সিরিজ অধিনায়ক গিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেস্ট অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে সিরিজ ড্র ও ওয়েস্ট ইন্ডিজকে হারানো ছাড়া মনে রাখার মতো কিছু এখনও করে উঠতে পারেননি শুভমান। আসন্ন শ্রীলঙ্কা সফরে সেই পরিস্থিতি বদলাতে চাইবেন তিনি।













