Durga Puja 2026 Live Updates

মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ হাতানোর অভিযোগ! সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করল হাইকোর্ট

Published on:

Published on:

Soham Chakraborty bail plea rejected by Calcutta High Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অভিনয়ের পাশাপাশি রাজনীতির দুনিয়ার পরিচিত মুখ সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সিনেমায় অভিনয়ের প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির থেকে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই নিয়ে পুলিশের কাছে মামলা রুজু হয়েছে। সেখান থেকে রক্ষা পেতে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। তবে স্বস্তি মিলল না। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল আদালত।

সোহমের আগাম জামিনের আবেদন খারিজ | (Soham Chakraborty)

বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানে সবপক্ষের আইনি যুক্তি এবং মামলার পারিপার্শ্বিক তথ্য খতিয়ে দেখে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহমের আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ ‘লটারির দোকান তো নয়, বইয়ের দোকানে অসুবিধা কোথায়?’ সিপিএমের বুকস্টল মামলায় প্রশ্ন তুলল হাইকোর্ট

সোহমের বিরুদ্ধে অভিযোগ, সিনেমায় অভিনয়ের প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির থেকে ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। তবে চুক্তি অনুসারে সংশ্লিষ্ট সিনেমায় তিনি অভিনয় করেননি। পরবর্তীতে একাধিকবার তাগাদা করার পরেও ওই জমানো টাকা ফেরতের নামও করা হয়নি বলে দাবি।

ইতিমধ্যেই এই প্রতারণা ও জালিয়াতির অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কাছে মামলা রুজু করা হয়েছে। গত জুন মাসে এই বিষয়ক মামলায় সোহমের আগাম জামিনের আর্জি খারিজ করেছিল বালুরঘাট জেলা আদালত। এবার কলকাতা হাইকোর্টেও স্বস্তি পেলেন না তিনি।

জানা গিয়েছে, ২০১৮ সালে ঘটনার সূত্রপাত। এক প্রযোজক একটি বাংলা ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন। ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য সোহমের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। অভিযোগ, এর জন্য ১৫ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেতা। তবে তা সত্ত্বেও শুটিং শুরু করেননি। বারবার তা পিছোতে থাকেন তিনি।

Soham Chakraborty

বছর দুয়েক পর প্রযোজকের আর্থিক অবস্থার অবনতি হলে তিনি সোহমের কাছে টাকা ফেরত চাইলে সমস্যা শুরু হয়। অভিযোগকারী ব্যক্তির দাবি, তিনি টাকা ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি থেকে মিথ্যা মামলায় ফাঁসানোয় ভয় দেখানো হয়েছিল।

এবার এই সংক্রান্ত মামলা থেকে রক্ষা পেতেই আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোহম। তবে সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে গেল।